মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

এনবিআরের অচলাবস্থা নিরসনে অর্থ মন্ত্রণালয়ের তিন সিদ্ধান্ত

ডেস্ক রিপোর্ট ২১১ বার পঠিত ২ মিনিটের পাঠ
এনবিআরের অচলাবস্থা নিরসনে অর্থ মন্ত্রণালয়ের তিন সিদ্ধান্ত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান অচলাবস্থা নিরসনে অর্থ মন্ত্রণালয় তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে ‘কমপ্লিট শাটডাউন’ এবং ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি প্রত্যাহার, সাম্প্রতিক বদলি আদেশ পুনর্বিবেচনা এবং রাজস্ব নীতি সংশোধনের লক্ষ্যে আলোচনা সভা আহ্বান।

বৃহস্পতিবার (২৬ জুন) অর্থ উপদেষ্টা, অর্থ সচিব, এনবিআর চেয়ারম্যান ও সদস্যদের মধ্যে আড়াই ঘণ্টাব্যাপী বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে শুক্রবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় অর্থ মন্ত্রণালয়।

তিনটি সিদ্ধান্তের মধ্যে উল্লেখযোগ্য হলো:

আন্দোলনকারীদের ঘোষিত কর্মসূচি ‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ প্রত্যাহার;

এনবিআরের দুই কর্মকর্তার সাম্প্রতিক বদলি আদেশ পুনর্বিবেচনা;

আগামী ১ জুলাই বিকেল ৪টায় রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ সংশোধনের জন্য আলোচনা সভার আয়োজন।

সভায় সিদ্ধান্ত হয়, এই আলোচনায় অংশ নেবেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা, পরামর্শক কমিটি ও এনবিআরের সদস্যরা। সরকার আশা করছে, আলোচনার মাধ্যমে ৩১ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট অধ্যাদেশের প্রয়োজনীয় সংশোধন সম্ভব হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের অর্থনীতি সচল রাখতে এবং জনসেবার ধারাবাহিকতা বজায় রাখতে আন্দোলন প্রত্যাহার করে সব কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ দপ্তরে ফিরে গিয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।