আট নবজাতককে হত্যা করেছে এক মা !

ফ্রান্সে এক মা তার আট নবজাতককে হত্যা করেছে। এক দশকের বেশি সময় ধরে তিনি এই হত্যাকাণ্ড চালান। সন্তানকে খুনের দায়ে দোষী প্রমাণিত হওয়ায় তাকে এক আদালত ৯ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন। ৫১ বছর বয়সী ওই বিবাহিত নারীর নাম দমিনিক কোঁৎরেজ। সন্তান হত্যার দায়ে তার বিরুদ্ধে ১৮ বছরের কারাদণ্ড দেওয়ার আবেদন জানানো হয়েছিল। তবে আদালত তাকে ৯ বছরের কারাদণ্ডাদেশ দেন।
আধুনিক ফ্রান্সের ইতিহাসে এ ধরনের অপরাধের ক্ষেত্রে এটি সবচেয়ে বীভৎস হত্যাকাণ্ড। দমিনিক কোঁৎরেজ ১৯৮৯ সালে তার প্রথম নবজাতককে হত্যা করেন। সর্বশেষ ২০০০ সালে আরেক নবজাতককে খুন করেন।
দমিনিক কোঁৎরেজ বসবাস ছিল ফ্রান্সের দোয়াই শহরের একটি বাড়িতে। তিনি ওই বাড়ি থেকে যাওয়ার পর নতুন একটি পরিবার সেখানে আসে। এই পরিবারের গৃহকর্ত্রী বাড়ির বাগানে শিশুর কঙ্কাল পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে তল্লাশি চালিয়ে আরো শিশুর কঙ্কাল পায়। এ ব্যাপারে বিস্তারিত জানতে দমিনিককে খুঁজতে থাকে তারা। দমিনিককে আটকের পর প্রায় চার বছর ধরে তিনি পুলিশের তদন্ত কর্মকর্তা, মনোরোগ বিশেষজ্ঞ, বিচারক ও আইনজীবীদের মিথ্যা গল্প বলে বিভ্রান্ত করার চেষ্টা চালান।
দমিনিকের গল্পটা ছিল এমন, শিশুকালে নিজের বাবা তাকে ধর্ষণ করেছিলেন। বিয়ের পরও বাবা তাকে ধর্ষণ করতেন। এতে এই সন্তানগুলোর জন্ম হয়ে থাকতে পারে ধারণা করে তিনি নবজাতকদের মেরে ফেলতেন। তবে শেষ পর্যন্ত তিনি স্বীকার করেন যে, তার বাবা তাকে ধর্ষণ করেননি। তার বাবা ২০০৭ সালে মারা গিয়েছেন।