রুয়েটে স্নাতকে ভর্তি পরীক্ষায় যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট :
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) চলতি শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আগ্রহীদের মধ্যে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
যাচাই-বাছাই শেষে বুধবার বিকালে প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে দেয়া হয়েছে ওই তালিকা। ২৬ অক্টোবর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসসি বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা ও রসায়ন এবং ইংরেজি বিষয়ে পৃথকভাবে জিপিএ-৫ পেতে হবে। এই চার বিষয়ে মোট জিপিএ মান- ২০.০ (বিশ দশমিক শুণ্য) হতে হবে। আর জিইসি ‘ও’ লেভেলে পরীক্ষায় পাঁচটি বিষয়ে বি গ্রেড এবং ‘এ’ লেভেলে গণিত, পদার্থবিদ্যা ও রসায়নে কমপক্ষে ‘এ’ গ্রেড অথবা ৮০ শতাংশ নম্বর প্রাপ্তদের যোগ্য প্রার্থী বলে বিবেচনা করা হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় আবেদনকারীদের ১৯ অক্টোবর বিকাল ৫টার মধ্যে স্ব স্ব বিষয়ে সনদপত্র সরাসরি অথবা ডাকযোগে দাখিল করতে নির্দেশনা দেয়া হয়েছে। নির্ধারিত সময়ে তা করতে ব্যর্থ হলে কোটা সুবিধা প্রাপ্য হবে না
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৫-অক্টোবর, ২০১৬ইং/নোমান