শেখ হাসিনা দেশে ধর্মীয় বৈষম্য দূর করেছেন
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্টঃ
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ একসঙ্গে ধর্মীয় উৎসব উদযাপন করে। কারণ, শেখ হাসিনা সকল ধর্মের প্রতি সমান দৃষ্টি নিয়ে দেশ পরিচালনা করছেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে অসম্প্রদায়িক চেতনা নিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আর তার কন্যা শেখ হাসিনা ধর্মীয় বৈষম্য দূর করেছেন।
শুক্রবার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সরকারি আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
খালিদ মাহমুদ বলেন, সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই। তারা যেই ধর্মেরই হোক না কেন তাদের নির্মূল করতে হবে। ধর্মের নামে যারা সন্ত্রাস করার চেষ্টা করবে তাদের বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।
তিনি বলেন, একাত্তরের পরাজিত শক্তির ইশারায় হলি আর্টিজানে বিদেশিদের হত্যা করে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করার চেষ্টা হয়েছিল। সেই শক্তি এখনও ষড়যন্ত্র করছে। তাই আমাদেরকে সব সময় সর্তক থাকতে হবে। পূজা মণ্ডপের আশে পাশে কোন অপরিচিত লোক দেখলে সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে অবহিত করার নির্দেশ দেন তিনি।
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী, পৌর মেয়র আব্দুস সবুর, মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর উল্যাহ, পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর ভদ্র, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি স্বাধীন চন্দ্র সরকার ও দুলাল চক্রবর্তী প্রমুখ।
পরে বিকেলে খালিদ মাহমুদ চৌধুরী বিরল উপজেলার আজিমপুর ইউনিয়নে ‘গুচ্ছগ্রাম’ প্রকল্পের উদ্বোধন শেষে বিরল উপজেলা পরিষদ মিলনায়তনে ৯২টি পূজা মণ্ডপের অনুদানের অর্থ বিতরণ করেন এবং বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম / ০৭-১০-২০১৬ ইং/মোঃ হাছিব