এবার নোয়াখালীর বেগমগঞ্জ বানানো হয়েছে সবচেয়ে বড় প্রতিমা তা দেখতে পর্যটকের ভিড়
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্টঃ
গত বছর ভারতের কলকাতায় হয়েছিল বিশ্বের বড় দুর্গা প্রতিমা। রেকর্ডও গড়েছিল সেই প্রতিমা। বছর না ঘুরতেই সেই প্রতিমার ঠাঁই হয়েছে গুদাম ঘরে। আর এবার ভারতে নয়, বাংলাদেশেই হচ্ছে সব থেকে বড় দুর্গা প্রতিমার পূজা।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে এবার ৭১ ফুট দীর্ঘ দুর্গা প্রতিমার পূজা শুরু হয়েছে। এত বড় আকারের দুর্গা বাংলাদেশবাসী এর আগে কখনও দেখেনি। শুধু বাংলাদেশের হিন্দুরাই নন, বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষই এই প্রতিমা দেখার আগ্রহ প্রকাশ করছেন।
চৌমুহনী কলেজ রোডে বিজয়া সর্বজনীন দুর্গামন্দিরের ২০তম বর্ষ উপলক্ষে ৭১ সালের স্মরণে ৭১ ফুট উচ্চতার এ দুর্গা প্রতিমার পূজা হচ্ছে।
শুক্রবার বিকালে উদ্বোধনের পরই দেশ সেরা ৭১ ফুট প্রতিমা দেখতে ভিড় জমাচ্ছে দর্শনার্থীরা। ব্যয়বহুল ও দৃষ্টিনন্দন দেশ সেরা এই প্রতিমাকে ঘিরে ভক্ত অনুরাগীদের মধ্যে আগ্রহের কমতি নেই।
বিকালে এ পূজা অনুষ্ঠানের উদ্বোধন করেন নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ।
উদ্যোক্তারা জানান, বিজয়া সার্বজনীন দুর্গা মণ্ডপের ৭১ ফুট দেবী দুর্গার প্রতিমা তৈরিতে প্রায় ৩৫ লাখ টাকা ব্যয় হয়েছে। প্রায় আড়াই মাস থেকে বিশাল আকারের এই দুর্গা প্রতিমা তৈরির কাছ করছেন শরীয়তপুর থেকে আসা প্রতিমার কারিগর অমর কৃষ্ণ পাল ও তার ১২ জন সহযোগী।
অমলকৃষ্ণ পাল জানান, ১৯৭৪ সালে ছাত্রজীবন থেকে তিনি প্রতিমা তৈরির কাজ করছেন। ১২ জন সহযোগী ও কারিগর নিয়ে গত আড়াই মাস ধরে তিনি বাংলাদেশের সবচেয়ে বড় দুর্গা তৈরির কাজ করছেন। এতো বড় প্রতিমা তিনি এর আগে কখনও তৈরি করেননি।
বিজয়া সার্বজনীন দুর্গা মণ্ডপের সভাপতি দিলীপ কর্মকার জানান, ৩৫ লাখ টাকা ব্যয়ে ৭১ ফুট দীর্ঘ প্রতিমা দেখতে দেশ বিদেশের হাজার হাজার ভক্ত অনুরাগী ও দর্শনার্থীর আগমন ঘটবে।
বিজয়া সর্বজনীন দুর্গা মন্দিরের বরিষ্ঠ সহ-সভাপতি শান্তনু সাহা জানান, প্রতিমা তৈরির বাজেট ৩৫ লাখ টাকা। কিন্তু আলোকসজ্জাসহ খরচ ৫০ লাখ টাকারও বেশি হবে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম / ০৭-১০-২০১৬ ইং/মোঃ হাছিব