মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বাঁশের পাঁচতলা পূজামন্ডব ভেঙ্গে সাত জন আহত

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭৪ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্টঃ

 

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মহাভারত অবলম্বনে পানির ওপর বাঁশ ও কাঠ দিয়ে নির্মিত পাঁচতলাবিশিষ্ট পূজামণ্ডপ ভিড়ের চাপে ভেঙে কমপক্ষে সাতজন আহত হয়েছেন। উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামে আজ সোমবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে ওই মণ্ডপে দর্শনার্থী প্রবেশ বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রাম জামালপুর দুর্গামন্দিরের উদ্যোগে পানির ওপর বাঁশ ও কাঠ দিয়ে পাঁচতলাবিশিষ্ট এই পূজামণ্ডপ নির্মাণ করা হয়। মহাভারতের কাহিনি অবলম্বনে এতে ২০১টি দেব-দেবীর প্রতিমা স্থাপন করা হয়। মণ্ডপ স্থাপনের পর দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন হাজারো দর্শনার্থী সেখানে আসেন প্রতিমা দেখতে। প্রতিদিনের মতো আজ বিকেলেও সেখানে সহস্রাধিক দর্শনার্থী আসেন। মানুষের চাপে একপর্যায়ে মণ্ডপের দ্বিতীয় তলার পাটাতন ভেঙে যায়। এ সময় কয়েকজন পানিতে পড়ে যান। আতঙ্কে তাড়াহুড়ো করতে গিয়ে কমপক্ষে সাতজন দর্শনার্থী আহত হন। আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
পূজা আয়োজক কমিটির সাধারণ সম্পাদক গোবিন্দ বিশ্বাস জানান, দর্শনার্থীর চাপে পাটাতন ভেঙে যায়। এতে পানিতে পড়ে কয়েকজন আহত হন। তবে কেউ গুরুতর আহত হননি। তিনি জানান, সাময়িকভাবে মণ্ডপে দর্শনার্থী প্রবেশ বন্ধ রয়েছে। মণ্ডপে মেরামতের কাজ চলছে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে জেলা প্রশাসক জিনাত আরা, পুলিশ সুপার জিহাদুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তারিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম রকিব হায়দার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

 

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম /  ১০-১০-২০১৬ ইং/মোঃ হাছিব