শি জিনপিংয়ের বাংলাদেশ সফরে ভালো কিছু আশা করছে বিএনপি
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্টঃ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঢাকা সফরের সময় আলোচনা ও সম্ভাব্য চুক্তির ক্ষেত্রে ভারসাম্য থাকবে এমনটাই আশা করছে বিএনপি। তার এই সফরে আমরা ভালো কিছু প্রত্যাশা করছি। একটি বিষয় বুঝতে হবে, আমরা দেশের স্বার্থটা যতটা না বুঝি, বিশ্বের আর যত দেশ আছে, তারা তাদের দেশের স্বার্থটা বেশি বোঝে। সুতরাং পারস্পরিক স্বার্থ সমন্বয় করে সকলের স্বার্থ রক্ষা পায় এমন চুক্তি আমরা সকল দেশের সাথে চাই। অতীতের মতো ভবিষ্যতেও চীনের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক থাকবে বলে আশা করেন তিনি।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সন্মানে আয়োজিত শারদীয়া দূর্গাপূজার বিজয়ার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর বলেন, চীনা প্রেসিডেন্ট কী নিয়ে আসছেন, কি দিতে আসছেন, কি চাইতে আসছেন বা আমার দেশ কি চাইবে- এটা আমরা জানি না। সাধারণত যেসব চুক্তি হয়, গণতান্ত্রিক একটি সরকারে সংসদে এসব আলোচনা হয়। যদিও এই সংসদ তাদেরই। আমরা পুরোপুরি অন্ধকারেই আছি। তারপরেও আমরা প্রত্যাশা করব ভালো কিছু হবে।
অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম / ১৩-১০-২০১৬ ইং/মোঃ হাছিব