মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

সিলেট সীমান্তে ‘ভারতীয় খাসিয়ার গুলিতে’ ২ বাংলাদেশি নিহত

ডেস্ক রিপোর্ট ৯২ বার পঠিত ২ মিনিটের পাঠ
সিলেট সীমান্তে ‘ভারতীয় খাসিয়ার গুলিতে’ ২ বাংলাদেশি নিহত

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি দুই তরুণ নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের দমদমা সীমান্তে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম।

নিহতরা হলেন- উপজেলার দমদমা সীমান্তের পূর্ব তুরুং গ্রামের বুরান উদ্দীনের ছেলে আশিকুর (১৯) ও একই গ্রামের মৃত রব মিয়ার ছেলে মোশাঈদ (২২)।

স্থানীয়রা জানায়, দমদমা এলাকার ১২৬০ মেইন পিলারের ২ নম্বর সাব পিলারের ৬০০ গজ ভারতের অভ্যন্তরে পরিহাট এলাকায় এ গুলির ঘটনা ঘটে।

সিলেটের ৪৮ বিজিবির অধিনায়ক নাজমুল ইসলাম বলেন, ভারতীয় খাসিয়ার গুলিতে একজন ঘটনাস্থলেই মারা যায়, অপরজনকে তার সঙ্গীরা নিয়ে এসে কোম্পানীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

ওসি শফিকুল ইসলাম বলেন, তারা সুপারি চুরি করতে ভারতে ঢুকে পড়ায় ভারতীয় খাসিয়া বাগান মালিকরা গুলি চালায় বলে স্থানীয় সূত্রে জানতে পেরেছি।

তিনি বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।