মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

অস্ত্র মামলায় যুবকের ১৪ বছরের কারাদণ্ড

BenjaminBlumenth ৫১ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট,

 

মেহেরপুরে অস্ত্রআইনে করা মামলায় সোনারুল ইসলাম (৩০) নামের এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল-১ম আদালতের বিচারক মো. রবিউল হাসান এ আদেশ দেন। কারাদণ্ডপ্রাপ্ত সোনারুল গাংনী উপজেলার বামুন্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ৮ আগস্ট রাতে গাংনী র‌্যাব ক্যাম্পের উপপরিচালক ইয়াকুব আলীর নেতৃত্বে র‌্যাবের একটি দল বামুন্দি গ্রামে নুরুল ইসলামের ছেলে সোনারুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে। এ সময় তাঁর বসত ঘরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি নাইন এমএম পিস্তল উদ্ধার করে। পরদিন র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের উপপরিচালক বাদী হয়ে অস্ত্র আইনে গাংনী থানায় একটি মামলা করেন।

তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় মোট ৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। আজ মামলার রায়ে আসামিকে ১৪ বছরের কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার সময় আসামি সোনারুল আদালতে উপস্থিত ছিলেন।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন সরকারি কৌঁসুলি পল্লব ভট্টাচার্য ও আসামিপক্ষের আইনজীবী ছিলেন একেএম শফিকুল আলম।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম     ০৮ / ১১/ ২০১৬ ইং / মোঃ হাছিব