নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন স্থগিতের জন্য আইনি নোটিশ
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট,
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন বাতিল, স্থগিত অথবা প্রত্যাহার করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের অধিবাসী আবদুল মতিন প্রধানের পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ আলী জিন্নাহ ডাকযোগে এ নোটিশ পাঠান।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন সচিব, রিটার্নিং কর্মকর্তা এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ডেপুটি কমিশনারসহ ছয়জনকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশে আরো বলা হয়, সিটি করপোরেশন থেকে সিদ্ধিরগঞ্জকে বাদ দেওয়ার জন্য হাইকোর্টে ২০১২ সালে একটি রিট দায়ের করা হয়েছিল। ওই রিটের শুনানি শেষে সিদ্ধিরগঞ্জকে নারায়ণগঞ্জ থেকে কেন পৃথক করা হবে না, সে বিষয়ে রুল জারি করেন হাইকোর্ট।
এ রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখতে বলা হয়েছে আইনি নোটিশে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ১৭-১১-২০১৬ ইং / মো: হাছিব