মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

পুলিশের কানের পর্দা ফাটানো ছাত্রলীগ নেতা গ্রেফতার

BenjaminBlumenth ৬৮ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট,

 

শরীয়তপুরে পুলিশ সদস্যকে চড় মেরে কানের পর্দা ফাটানো মামলার প্রধান আসামি শরীয়তপুর সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আকতার হোসেন ঢালিকে গ্রেফতার করেছে পুলিশ।

পালিয়ে মালয়েশিয়া যাওয়ার পথে বৃহস্পতিবার রাত ১০টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার আক্তার হোসেনকে ঢাকা থেকে শরীয়তপুর নিয়ে যায় পালং মডেল থানা পুলিশ।

পালং মডেল থানার ওসি মো. খলিলুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আকতার হোসেন ঢালিকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে গ্রেফতার করা হয়।

এদিকে এ মামলার অপর আসামি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার ও আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান জাগরনকে গত ৩ নভেম্বর ঢাকার শেরেবাংলা নগর এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে। তারা দুজননেই শরীয়তপুর জেলহাজতে রয়েছে।

প্রসঙ্গত, গত ১ নভেম্বর শরীয়তপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদারের ভাগ্নে সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আকতার হোসেন ঢালি এবং আওয়ামী লীগ নেতা ও পালং তুলাসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ খলিলুর রহমান জাগরন শরীয়তপুর সদর হাসপাতালে গিয়ে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার দেবাশীষ সাহার কাছে একটি ভুয়া সার্টিফিকেট দাবি করেন।

ডাক্তার মিথ্যা সার্টিফিকেট দিতে অস্বীকৃতি জানালে তার অফিস কক্ষে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে। ওই সময় ডাক্তারের কাছে চিকিৎসা নিতে আসা পুলিশের নায়েক সেলিমুজ্জামন মাতুব্বর প্রতিবাদ করলে তাকে মারধর ও চড় মেরে কানের পর্দা ফাটিয়ে দেয় তারা।

এ ঘটনায় পালং মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/  ২৫- ১১২০১৬ ইং / মো: হাছিব