মওলানা ভাসানী ছিলেন আফ্রো-এশিয়া-ল্যাটিন আমেরিকার গণমানুষের মুক্তিদূত
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট,
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, “মজলুম জননেতা মওলানা ভাসানী ছিলেন আফ্রো-এশিয়া-ল্যাটিন আমেরিকার গণমানুষের মুক্তিদূত। নিপীড়িত মানবাত্মার রোদন ধ্বনি তাকে ব্যথিত ও বিক্ষুব্ধ করতো তাই ফ্যাসিস্ট-সাম্রাজ্যবাদীদের রক্তচক্ষুকে উপেক্ষা করে নির্ভীক চিত্তে উচ্চারণ করছিলেন ‘খামোশ’।”
জিয়াউর রহমানের সময় তৎকালীন বিমান বাহিনীর প্রধান তোয়াব খানকে দিয়ে সিরাতুন্নবী (স.) মাহফিল এর নামে স্বাধীনতা বিরোধী শক্তি সংগঠিত হবার পায়তারা করছিলো, অসুস্থ মওলানা হাসপাতাল থেকে জিয়াউর রহমানকে তার অশুভ খেলা বন্ধ করতে হুশিয়ারি উচ্চারণ করেছিলেন। মওলানার ওই বিবৃতির ফলে সিরাতুন্নবী মাহফিলই বন্ধ হয়নি এর কিছুদিনের মধ্যে তোয়াব খানকেও বিদায় নিতে হয়েছিলো বলে মেনন জানান।
তিনি রবিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মওলানা ভাসানীর ৪০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ভাষানী ফ্রন্ট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তিনি মওলানা ভাসানীকে শুধু স্মরণ নয় তাকে অনুসরণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
ভাসানী ফ্রন্টের সভাপতি মমতাজ চৌধুরীর সভাপতিত্বে আলোচনাসভায় বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, এনডিপি নেতা আলমগীর মুজমদার প্রমুখ বক্তৃতা করেন।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ২৭- ১১–২০১৬ ইং / মো: হাছিব