জেলা পরিষদ নির্বাচনে আ’লীগের মনোনীত প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাস
সিরাজগঞ্জ প্রতিনিধি,
সকল জল্পনা-কল্পনা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেলেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস। এ সংবাদ ছড়িয়ে পড়ায় বেলকুচিসহ সারা সিরাজগঞ্জের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়েছে। নেতাকর্মীরা আবার নতুন করে প্রাণ সঞ্চার ফিরে পেয়েছে। আসন্ন জেলা পরিষদ নির্বাচনে দেশের ৬১ জেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় এবং বিভিন্ন সংস্থার দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে প্রার্থীদের চূড়ান্ত তালিকা করেছেন আওয়ামী লীগ। এ বিষয়ে শুক্রবার রাতেই একটি ব্রিফিং-এ দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনীত প্রার্থীদের নাম ঘোষনা করেন। তৃণমুল রাজনীতি থেকে উঠে আসা বেলকুচি উপজেলা আওয়ামীলীগের দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করা আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস স্থানীয় সরকারেও অভিজ্ঞতা সম্পন্ন । দুই বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পরে সিরাজগঞ্জ ৫ আসন থেকে ১৯৯৬ সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে একই আসনে নির্বাচন করে পরাজিত হলেও ২০০৮ সালে আবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রী নিযুক্ত হন। ২০১৪ সালে ৫ জানুয়ারীর নির্বাচনে রহস্যজনক কারণে তিনি মনোনয়ন বঞ্চিত হন। দলীয় বা সরকারের কোন দায়িত্ব না থাকলেও তিনি সকল দলীয় কর্মসূচীতে অংশ গ্রহণ করে সিরাজগঞ্জের রাজনীতিতে সরব ভুমিকা পালন করেছেন। টানা দ্বিতীয় মেয়াদের আওয়ামীলীগ সরকারের ৬ মাস পর তাকে জেলা পরিষদের প্রশাসকের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেয়া হয়। আওয়ামীলীগ থেকে সিরাজগঞ্জের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর একান্ত সাক্ষাতকারে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস জানান, জননেত্রী শেখ হাসিনা আবারও তৃণমুল নেতা হিসাবে আমাকে একটি দায়িত্ব প্রদান করেছে। তিনি আমাকে যে দায়িত্ব দিবেন আমি সর্বশক্তি দিয়ে পালন করার চেষ্টা করব। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। স্থানীয় সরকারকে শক্তিশালী করে জঙ্গীবাদ মুক্ত সিরাজগঞ্জ গড়ে তুলবেন। তিনি আরো জানান, সিরাজগঞ্জ জেলাকে মডেল জেলা হিসেবে গড়ে তুলতে কাজ করে যাবার পাশাপাশি ভিশন-২০২১ বাস্তবায়নে কাজ করে যাবেন। লক্ষ্য পূরণের জন্য আগামী ২৮শে ডিসেম্বরে জেলা পরিষদ নির্বাচনে সকল ভোটারের নিকট ভোট প্রার্থনা ও সিরাজগঞ্জবাসীর নিকট দোয়া প্রার্থনা করেছেন।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ২৯- ১১–২০১৬ ইং / মো: হাছিব