৩ দিনেও খোঁজ মেলেনি ইউপি সদস্য মোজাফ্ফরের
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য মিজানুর রহমান মোজাফফর (৩২) ২দিন যাবৎ নিখোঁজ রয়েছে বলে দাবী করেছে তার পরিবার। এ রিপোর্ট লেখা পর্যন্ত মঙ্গলবার রাত নয়টায় তার কোন সন্ধান পায়নি বলে জানিয়েছেন হরিরামপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম।
স্থানীয় সুত্রে জানা যায়, গত রবিবার আনুমানিক দুপুর ১২ টার সময় তার নিজ বাসভবন থেকে গোপিনাথপুর ইউনিয়ন পরিষদে যান। গোপীনাথপুর ভাটিপাড়া নতুন বাজারে চা ও পানের দোকানে সন্ধ্যায় তাকে দেখা যায় বলে জানায় চা দোকানদার আজমত। আনুমানিক রাত নয়টার পর থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়।
সোমবার সকাল ৮টার দিকে গোপিনাথপুর চরপাড়া এলাকার জনৈক আরফান খানের বাগানবাড়ী থেকে তার মোটরসাইকেল পতিত অবস্থায় উদ্ধার করে পুলিশ। সোমবার রাতে মোজাফ্ফরের পিতা আইজুদ্দিন প্রামাণিকসহ আত্মীয়স্বজন হরিরামপুর থানায় গিয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে ৩৬৪/৩৪ ধারায় একটি মামলা দায়ের করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা জানান, এলাকায় বিদ্যুতের খুটি বসানোর ব্যাপারে গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ মোবি গ্রামবাসীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এর প্রতিবাদ করায় মোবি এবং তার এক ভাগ্নে মোজাফফরকে মেরে ফেলার হুমকি দেয়। হুমকি দেয়ার পর মোজাফ্ফর তার ইউনিয়ন পরিষদের মেম্বার, এলাকাবাসী এবং স্বজনদের কাছে জানান।
মোটরসাইকেলযোগে যাওয়ার পথে মোজাফ্ফরের ওপর হামলা হয়। যেখানে তার মোটর সাইকেল পাওয়া গেছে সেখানে তাকে মেরে নদীতে ফেলে দিয়েছে এমন ধারণা জনমনে। আর এই ধারণা থেকেই ঢাকা থেকে ডুবুরি দল এসে মঙ্গলবার দিনভর ইছামতী নদীতে তল্লাশী করেন। কিন্তু তার লাশ পাওয়া যায়নি।
এদিকে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, মোজাফ্ফরের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ মোজাফ্ফরকে উদ্ধারের জোর চেষ্টা চালাচ্ছে এবং অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ০৬- ১২-২০১৬ ইং / মো: হাছিব