মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বর্ণাঢ্য বিজয় র‌্যালি করেছে আওয়ামী লীগ

BenjaminBlumenth ৪ বার পঠিত ৪ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট,

 

মহান বিজয় দিবসে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বর্ণাঢ্য বিজয় র‌্যালি করেছে আওয়ামী লীগ।

 

শুক্রবার বিকেল সোয়া ৩টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে এ র‌্যালি শুরু হয়। র‌্যালিটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে গিয়ে শেষ হয়।

 

র‌্যালি শুরু করার আগে সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংঠনের নেতারা। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। র‌্যালি পূর্ব সমাবেশের আগে শিখা চিরন্তনে শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

সমাবেশে আওয়ামী লীগ নেতারা বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের শপথ নেন। এতে মতিয়া চৌধুরী, ড. আবদুর রাজ্জাক, ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন, সাঈদ খোকনসহ অনেকে বক্তব্য দেন।

 

র‌্যালিতে অংশ নিতে দুপুর থেকেই দলীয় নেতা-কার্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেন। ঢাকা মহানগর আওয়ামী লীগ, সহযোগী, ভ্রাতৃপ্রতিম এবং বন্ধুপ্রতিম সংগঠনগুলো বর্ণিল শোভাযাত্রা নিয়ে র‌্যালি ও সমাবেশে যোগ দেয়।

 

মহানগরীর বিভিন্ন স্থান থেকে আসা বিজয় শোভাযাত্রার কারণে মৎস্য ভবন থেকে শাহবাগমুখী যানচলাচল বন্ধ হয়ে যায়। যানজট সমস্যা ও রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের কারণে সমাবেশ সংক্ষিপ্ত করে বিজয় র‌্যালি শুরু হয়। র‌্যালিটি ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু জাদুঘরের দিকে যাত্রাকালে রাজধানীর অনেক জায়গায় যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে বিজয় দিবসে উদযাপনে বের হওয়া রাজধানীবাসী ভোগান্তির মুখে পড়েন।

 

ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা মহান বিজয় দিবসের র‌্যালি সফল করতে ট্রাক, পিকআপ ভ্যানে ব্যান্ড পার্টিসহ অংশ নেন। নেতা-কর্মীরা অনেকে পিকআপ ভ্যানে সাউন্ড বক্সও নিয়ে আসেন। এতে দেশাত্মবোধক গান বাজে। মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ ও ঢাকা মহানগর আওয়ামী লীগের নারী নেত্রী ও কর্মীরা লাল-সবুজ কাপড় পরেন। কেউ কেউ লাল-সবুজ পতাকা মাথায় পড়েন।

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ শীর্ষ নেতারা র‌্যালিতে নেতৃত্ব দেন। এ সময় নেতা-কর্মী ও সমর্থকরা ‘জয় বাংলা, ‘জয় বঙ্গবন্ধু,’ স্লোগানে র‌্যালি মুখরিত করেন।

 

আওয়ামী লীগ শুক্রবার বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচি পালন করে। সূর্যোদয়ের সময় দলের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবন ও দেশব্যাপী শাখা সংগঠনের কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে। সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে পুষ্পার্ঘ্য অর্পণ করে আওয়ামী লীগ। সকাল ৮টার দিকে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে। আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধিদল সকালে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, জিয়ারত, দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করে।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ১৬ – ১২-২০১৬ ইং / মো: হাছিব