আহত আ’লীগ নেতার মৃত্যু, কেন্দুয়ায় ২০ বাড়িতে আগুন
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট,
নেত্রকোনার কেন্দুয়ায় একটি টেম্পু স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে প্রায় ২০টি বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুদ্ধ এলাকাবাসী।
নিহত আওয়ামী লীগ নেতা দুলাল মিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে আ’লীগ নেতার মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী সোমবার সকালে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে আগুন দেয়। এতে ১৫-২০টি বাড়ির অন্তত ৪০টি ঘর পুড়ে যায়।
খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
তাছাড়া আগুনের খবর পেয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও নেত্রকোনা ইউনিটের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।
জানা গেছে, গত ২৮ ডিসেম্বর সাহিতপুর বাজারের টেম্পু ও অটোরিকশা স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে স্থানীয় রায়জুড়া গ্রামের হত্যাসহ একাধিক মামলার আসামি ‘তাহের বাহিনী’র প্রধান আবু তাহের ও তার বাহিনীর লোকজন শ্রমিকদের উপর হামলা করে। এতে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা দুলাল মিয়াসহ অন্তত ২০ শ্রমিক আহত হন। পরে আশংকাজনক অবস্থায় দুলাল মিয়াকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার গভীর রাতে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান আকন্দ জানান, পরিস্থিতি এখন শান্ত। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
https://youtu.be/SVF0Ygg6OEI