দেশের বিভিন্ন প্রান্তে পুলিশি বাধায় বিএপির সমাবেশ পন্ড
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট,
আজ রবিবার দেশের বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জ, বাধা প্রদান এবং গ্রেফতারের ঘটনা ঘটেছে। কোন কোন জেলায় মিছিল করতে দেয়নি পুলিশ। ব্যানার ছিনিয়ে নিয়েছে নারায়ণগঞ্জে। ঢাকাসহ দেশের কিছু এলাকায় পুলিশ বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হানা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মিছিলে পুলিশের পাশাপাশি সরকারি দলের নেতা-কর্মীরা বাধা দিয়েছে কোন কোন জায়গায়। সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে বিএনপি আহুত বিক্ষোভ সমাবেশ পুলিশী বাধায় পণ্ড হয়েছে। ময়মনসিংহেও কর্মসূচি পণ্ড হয়ে যায়। বরিশালে পুলিশের লাঠিচার্জে ৫ জন আহত হয়েছেন। নারায়ণগঞ্জে মিছিলে বাধা দেয়া হয়। পটুয়াখালীতে বাসায় তল্লাশি চালিয়ে দুই নেতাকে গ্রেফতার করা হয়। ফেনীতে বিক্ষোভ থেকে যুবদল সভাপতিকে গ্রেফতারের পর শহরে গাড়ি ভাংচুর হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ও মহানগর বিএনপি আয়োজনে রবিবার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ চলাকালে মহানগর ছাত্রদলের একটি মিছিল পুলিশের ব্যারিকেড ভেঙ্গে সমাবেশস্থলে প্রবেশ করতে চাইলে মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে মঞ্জুসহ ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত হয়েছেন।
সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে বিএনপি আহুত বিক্ষোভ সমাবেশ পুলিশি বাধায় পণ্ড হয়েছে। বিকেল তিনটায় নগরীর রেজিস্টারি মাঠে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছিল সিলেট জেলা ও মহানগর বিএনপি। তবে দুপুর ২ টা থেকেই কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদের নেতৃত্বে অর্ধশতাধিক পুলিশ ঘিরে রাখে পুরো রেজিস্ট্রারি মাঠ। এসময় রেজিস্টারি মাঠের প্রধান ফটকও বন্ধ করে দেয় পুলিশ। ৩ টার কিছু পরে বিএনপির কিছু নেতা রেজিস্টারি মাঠে প্রবেশ করতে চাইলে তাদের বাধা দেয় পুলিশ। বাধা পেয়ে ফিরে যান নেতারা। ফলে পন্ড হয়ে যায় বিক্ষোভ সমাবেশ।
ফেনী জেলা যুবদলের সভাপতি গাজী হাবিব উল্যাহ মানিককে পুলিশ গ্রেপ্তার করেছে। রবিবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত বিক্ষোভ মিছিল কর্মসূচীতে পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। পরে শহরের এসএসকে সড়কের সমবায় সুপার মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে গাড়ি ভাংচুর করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফেনী মডেল থানার ওসি রাশেদ খাঁন চৌধুরী জানান, গাজী মানিকের বিরুদ্ধে হত্যা, গাড়ি ভাংচুর, বিস্ফোরকসহ বিভিন্ন অপরাধে ২২টি মামলা রয়েছে।
, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, লাখো মানুষের ঢল নামবে এই ভয়ে সরকার ৭ জানুয়ারি বিএনপিকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে কোনো কর্মসূচি পালন করতে দেয়নি। এতে প্রমাণ হয় তারা জনগণকে ভয় পায়। রবিবার নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির উদ্যোগে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে ডা. শাহাদাত এসব কথা বলেন। তিনি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনে বেগম খালেদা জিয়ার ১৩ দফা প্রস্তাব মেনে নিতে সরকারের কাছে দাবি জানান। তিনি বিরোধীদলকে সভা সমাবেশ করার অনুমতি দেয়ারও দাবি জানান। সমাবেশ চলাকালে বিএনপি কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
ময়মনসিংহে পুলিশের বাধায় বিক্ষোভ কর্মসূচি পন্ড হয়ে যায়। রবিবার দুপুরে শহরের নতুন বাজার দলীয় কার্যালয় থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় পুলিশ এতে বাধা দেয়।
ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। রবিবার সকালে জেলা বিএনপি শহরের কেপিবসু সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের করে। এসময় পুলিশ তাদের বাধা দেয়। পরে সেখানেই তারা সংক্ষিপ্ত সমাবেশ ও বিক্ষোভ করে তারা। সমাবেশে জেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল মালেক সহ জেলা বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা ঢাকায় বিএনপির সমাবেশ করতে না দেওয়ার তীব্র প্রতিবাদ জানান।
বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে জেলা বিএনপি’র সহ-সভাপতি বায়েজীদ পান্না, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদ আলম সারোয়ারকে পুলিশ রবিবার গ্রেফতার করে। বিভিন্ন বাড়িতে তল্লাশি চালায় পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। বেলা সোয়া ১১টার দিকে শহরের পাওয়ার হাউজ রোডস্থ তোফায়েল আজম স্কুলের সামনে থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কয়েকশ নেতাকর্মী একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কিছু দূর এগিয়ে কালীবাড়ি মোড়ে প্রবেশ করার পথে পুলিশ মিছিলে বাধা দেয়। এসময় পুলিশের সঙ্গে মিছিলকারীদের বাকবিতণ্ডা হয়। পরে প্রতিবাদ সভায় জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক মনির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি শামীম মোল্লা প্রমুখ বক্তব্য দেন।
, সকালে বিক্ষোভ মিছিলটি শহরের জেলা বিএনপির কার্যালয় হতে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হয়।
, দিনাজপুরে বিএনপির মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টার দিকে জেল রোডস্থ দলীয় কার্যালয় থেকে দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংগঠনিক মো. মোকাররম হোসেনের নেতৃত্বে একটি মিছিল বের করে। মিছিলটি লিলির মোড়ের কাছাকাছি পৌঁছালে পুলিশ বাধা দেয়। পরে মিছিলটি পুনরায় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।
ঝালকাঠিতে রবিবার বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। সকাল ১১টায় স্থানীয় ফায়ার সার্ভিস সড়কে জেলা বিএনপির কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি, শহর বিএনপির সভাপতি অনাদী দাস, যুবদলনেতা রবিউল হোসেন তুহিন ও ছাত্রদলনেতা এনামুল হক সাজু।
বগুড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। রবিবার দুপুর ১২টায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁনসহ নেতাকর্মী।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ০৮-০১-২০১৭ইং / মো: হাছিব