মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে

BenjaminBlumenth ৫৮ বার পঠিত ৩ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট,

ভুলে ভরা বানান এবং আজগুবি মনগড়া তথ্য সমৃদ্ধ বই বিতরণ করে সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য এবং মুক্তিযুদ্ধের সংগঠক ড. খন্দকার মোশাররফ হোসেন। আজ শনিবার দাউদকান্দি সদরে ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজ মিলনায়তনে তাঁর নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের অগ্রযাত্রার ১৫ বছর উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নিয়ে সরকার সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে। নির্লজ্জ দলীয়করণে শিক্ষা ক্ষেত্রে চরম বিশৃঙ্খলা ও অরাজকতা বিরাজমান। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড সর্বশেষ সংস্করণ। বছর শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে সরকার বাহ্বা নিতে গিয়ে ঘটেছে উল্টা। তারা অসংখ্য ভুলে ভরা বানান এবং আজগুবি মনগড়া তথ্য সমৃদ্ধ বই কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছে। এতে বিভ্রান্ত ও দিকভ্রান্ত হচ্ছে ছাত্র-ছাত্রীরা। সরকার আসলে ছাত্র-ছাত্রীদের কি শিখাতে চাচ্ছে ? এটি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্র।

ড. মোশাররফ বলেন, সরকারের ব্যর্থতা, অযোগ্যতা ও নির্লজ্জ দলীয়করণে গণতন্ত্র ও অর্থনীতির মত শিক্ষা ব্যবস্থাও চরম হুমকির মুখে পড়েছে। বিদ্যমান সংকট সমাধানে জাতীয় ঐক্য গড়তে সরকার এগিয়ে না আসায় জনমনে উৎকণ্ঠা বাড়ছে। সরকারের দু:শাসনে দেশ একটি ভয়াল জনপদে রূপ নিয়েছে। আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতিতে মানুষ আতঙ্কিত। জনগণ ভাল নেই। মানবেতর কাল কাটাচ্ছে। দেশকে শান্তি ও প্রগতির পথে এগিয়ে নিতে জাতীয় ঐক্য জরুরী। এর কোন বিকল্প নেই। আর এই জন্য সরকারকেই উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেন বিএনপি’র এই নীতি নির্ধারক নেতা।

তিনি বলেন, সরকার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কোন নিয়ম-নীতি না মেনে উপজেলা পর্যায়ে কলেজ সরকারিকরণ করছে। এতে শাসক দলের লোকদের মধ্যে অনৈতিক প্রতিযোগিতা ও অরাজকতা বেড়েছে। সরকার জঙ্গি দমনের নামে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে হেনস্থা করছে।

এ ছাড়াও ছাত্র-ছাত্রীদের সকল অনৈতিক কর্মকাণ্ড পরিহার করার পরামর্শ দিয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, সুশিক্ষায় শিক্ষিত হয়ে তোমরা নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তোমরাই আগামী দিনে সঠিক নেতৃত্ব দিয়ে এই দেশকে মর্যাদাশীল উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠিত করবে।

কলেজের অধ্যক্ষ মো: রেজাউল করিম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সভাপতি ড. মোঃ নুরুল আমীন, ড. মোশাররফ ফাউন্ডেশনের পরিচালক খন্দকার মাহবুব হোসেন, একেএম শামসুল হক, আবুল হাশেম চেয়ারম্যান, দেলোয়ার হোসেন মিয়াজী, নূর মোহাম্মদ সেলিম সরকার, নুরুল আমিন নাঈম সরকার, মাহবুবুল আলম মোহন ও ভিপি জাহাঙ্গীর আলম। পরে কলেজ ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৪  -০১-২০১৭ইং  / মো: হাছিব