নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি নিরপেক্ষ সার্চ কমিটি গঠন করবেন : বিএনপি
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট,
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, ‘নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি নিরপেক্ষ সার্চ কমিটি গঠন করবেন বলে দেশবাসীর আশা।’
তিনি রাষ্ট্রপতির উদ্দেশে বলেন, ‘রাষ্ট্রের অভিভাবক। আওয়ামী লীগের নেতা-কর্মীদের কথা শুনে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেবেন না। আপনি নিরপেক্ষ সার্চ কমিটি গঠন করুন। অন্যথায় কেউ মেনে নেবে না। বিএনপি রাজপথে নামবে। ৫ জন সামাজিক সজ্জন ব্যক্তির নাম তৈরি করে আপনি প্রধানমন্ত্রীকে সার্চ কমিটি গঠনের প্রস্তাব দিন। অন্যথায় নির্বাচন কমিশন ধ্বংস হয়ে যাবে।’
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবিতে নাগরিক মানববন্ধনে তিনি এ কথা বলেন। মানববন্ধনটির আয়োজন করে তৃণমূল নাগরিক আন্দোলন নামের একটি সংগঠন।
‘অতীতে তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান যে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করেছিলেন তার অধীনে কোনও নির্বাচনই সুষ্ঠু হয়নি’ এমনটিই মন্তব্য করে তিনি বলেন, ‘তাই বর্তমান রাষ্ট্রপতির কাছে বিএনপির দাবি, আওয়ামী লীগের হিসেবে নয় তিনি যেন রাষ্ট্রের এবং জনগণের রাষ্ট্রপতি হিসেবে সমাজের সজ্জন ব্যক্তিদের নিয়ে নিরপেক্ষ সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করে দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেন।’
‘বিএনপি নালিশ পার্টি, দলটির নেতাকর্মীরা আন্দোলনের ডাক দিয়ে রাস্তায় বের না হয়ে ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখে’-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনীকে সত্যিকারভাবে প্রজাতন্ত্রের স্বার্থে ব্যবহার করে দেখুন কারা রাস্তায় থাকে, আর কারা থাকে না। কিন্তু আওয়ামীলীগের বুকের পাটা নেই। আওয়ামী লীগ হলো গণতন্ত্র হত্যাকারী দখলদার পার্টি।’
আয়োজক সংগঠনের সভাপতি মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে এতে খালেকুজ্জামান চৌধুরী, আব্দুস সালাম আজাদ, এবিএম মোশাররফ হোসেন, খন্দকার লুৎফর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৮ –০১-২০১৭ইং / মো: হাছিব