রামগড়ে সন্ত্রাসী হামলায় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সম্পাদক আহত
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট,
খাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসী হামলায় উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন চৌধুরি গুরুতর আহত হয়েছেন। স্থানীয় কতিপয় সন্ত্রাসী আজ সোমবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের পাশে তাঁর ওপর প্রকাশ্যে এ হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এদিকে খাগড়াছড়িতে শুক্রবার জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইচ উদ্দিনের ওপর এবং আজ সোমবার রামগড় উপজেলা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদে আগামী বুধবার খাগড়াছড়িতে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি দিয়েছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রামগড় উপজেলা পরিষদের প্রবেশদ্বারে অবস্থিত মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বৈঠক শেষে বের হয়ে রাস্তায় আসার পর ৬-৭ জন সন্ত্রাসী মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন চৌধুরির ওপর অর্তকিতে হামলা চালায়। সন্ত্রাসীরা তাঁকে বেদম মারপিট করে ব্রীজের নীচে ফেলে দেয়। এ সময় কয়েকজন মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের সদস্য এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদের ওপরও চড়াও হয়। পরে গুরুতর আহত অবস্থায় জসিমকে রামগড় হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়।
হাসপাতালে চিকিৎসাধীন জসিম উদ্দিন বলেন, ‘শুক্রবার খাগড়াছড়িতে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে তারা সোমবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে এক সভা করেন। সভা শেষে সংসদ থেকে বের রাস্তার আসার পর ৬-৭জন চিহ্নিত সন্ত্রাসী আর্তকিতভাবে আমার ওপর হামলা চালায়। এক পর্যায়ে তারা আহত অবস্থায় আমাকে ব্রীজের নীচে ফেলে দেয়।’
সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাশেম আলী কমান্ডার ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি খাজা নাজিম উদ্দিন বলেন,‘ ঐ সন্ত্রাসীদের হামলা থেকে জসিমকে রক্ষা করতে এগিয়ে গেলে আমাদের ওপরও সন্ত্রাসীরা চড়াও হয়।’
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: মাইন উদ্দিন খান বলেন, খবর পেয়ে তিনি আহত জসিমকে হাসপাতালে দেখতে যান। জসিম হামলাকারীদের পাঁচজন চিনতে পেরেছেন বলে তাঁকে জানান। ওসি বলেন, থানায় মামলা দায়ের করলে পুলিশ ব্যবস্থা নেবে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ২৩ -০১-২০১৭ইং / মো: হাছিব