চান্দিনায় স্বামীর মটোরসাইকেল থেকে পড়ে স্ত্রীর মৃত্যু
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট,
কুমিল্লার চান্দিনায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে গাড়ির চাকায় পিষ্ট হয়ে সুমী আক্তার (২২) নামে এক নারীর মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) সন্ধ্যা ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা মৎস্য খামার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুমী আক্তার লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার সুইখাগ্রাম এলাকার আলাউদ্দিন মিয়ার স্ত্রী। এ ঘটনায় তার ছেলে প্রান্ত (৬) আহত হয়।
প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম জানান, প্রিজম বাংলাদেশ দাউদকান্দি উপজেলা শাখার ম্যানেজার আলাউদ্দিন তার পরিবার নিয়ে দাউদকান্দিতে বসবাস করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় স্ত্রী-সন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি রামগতির উদ্দেশ্যে রওয়ানা করে।
তারা সন্ধ্যা ৭টার দিকে চান্দিনা মৎস্য খামারের সামনে এলে মোটরসাইকেলের পিছনে থাকা সুমী ও তার ছেলে হঠাৎ পড়ে যায়। তারপর তাদের পিছনে থাকা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে সুমীর মৃত্যু ঘটে। আর শিশু সন্তানটি রাস্তার পাশে পড়ায় কোন রকমে বেঁচে যায়।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস.আই) আব্দুল্লাহ জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বামী এনজিও কর্মকর্তা আলাউদ্দিন স্ত্রীকে হারিয়ে জ্ঞানশূন্য অবস্থায় আছে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ২৬ -০১-২০১৭ইং / মো: হাছিব