মামলা দায়েরের তিনদিন পরই নিলুকে বিয়ে করলেন ইউপি চেয়ারম্যন মজিব
মনির হোসেন রবিন, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
মামলা দায়েরের তিনদিন পরই সেই যুবতীকে(নিলু) বিয়ে করলেন লক্ষ্মীপুরের সেই ইউপি চেয়ারম্যান শেখ মজিব খান। বুধবার রাত ৮টার দিকে লক্ষ্মীপুর জেলা শহরে এক আইনজীবীর চেম্বারে দশ লাখ টাকা কাবিনে এ বিয়ে সম্পন্ন হয়। শেখ মজিব খান লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতা।আদালত সূত্র ও স্থানীয়রা জানায়, পূর্ব দিঘলী গ্রামের যুবতী ফাতেমা তুজ জোহরা নিলুর সঙ্গে ২০০৩ সাল থেকে একই গ্রামের শেখ মজিবের প্রেমের সম্পর্ক ছিল। গত ২৪ জানুয়ারি নিলুকে বিয়ে করার কথা বলে মজিব তার বাড়িতে ডেকে পরিবারের সদস্যদের নিয়ে মারধর করে। এ ঘটনায় আহত নিলু বাদী হয়ে গত ২৯ জানুয়ারি লক্ষ্মীপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ইউপি চেয়ারম্যান মজিব ও তার ভাইসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেন। বিষয়টি জুডিশিয়াল তদন্ত করে আগামী ২২ ফেব্রুয়ারীর মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।বিষয়টি উভয় পরিবার ও স্থানীয়ভাবে মিমাংসার পর বুধবার রাতে জেলা শহরের জিরো পয়েন্ট এলাকায় অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্নার চেম্বারে মজিব এবং নিলুর বিয়ের আয়োজন করা হয়। এতে দশ লাখ টাকায় বিয়ের কাবিন সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দুই পরিবারের লোকজন, লক্ষ্মীপুর জেলা জজ কোটের পিপি জসিম উদ্দিনসহ উভয় পরিবারের স্বজনরা।লক্ষ্মীপুর আদালতের আইনজীবী রাসেল মাহমুদ মান্না জানান, চেয়ারম্যান মজিব ও যুবতী নিলুর পরিবারের সম্মতিতে দশ লাখ টাকা কাবিনে তাদের বিয়ের কাজ সম্পন্ন হয়েছে।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০২-০২-২০১৭ইং/ অর্থ