আইন মন্ত্রণালয়ের স্টিকার লাগানো দুই প্রাইভেট কার ভর্তি গাঁজাসহ আটক ১
মুক্তিযোদ্ধার কন্ঠ রিপোর্টঃ
কুমিল্লার চান্দিনায় আইন মন্ত্রণালয়ের স্টিকার লাগানো দুই প্রাইভেট কার ভর্তি গাঁজাসহ মামুন আকতার (২৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে হাইওয়ে পুলিশ।
রোববার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার নাওতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ সময় গাড়ির ভেতরে থাকা প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো ৫৩টি প্যাকেটে ১০৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক মামুন আকতার ঠাকুরগাঁও সদর উপজেলার আরাজি পস্তমপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সে ঢাকার বনশ্রী মিনার মসজিদ সংলগ্ন এলাকায় ভাড়ায় বসবাস করে। অপর গাড়ি চালকসহ দুইজন পালিয়ে যায়।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আইন মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা’ লেখা স্টিকারের দুইটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-২৭-২২৬০ ও চট্ট-মেট্রো-ক-০২-১৪৪০) থামানোর সংকেত দিলে তারা সংকেত অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে দুইটি গাড়িসহ একজনকে আটক করলেও বাকি দুইজন পালিয়ে যায়।