ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
মুক্তিযোদ্ধার কন্ঠ রিপোর্টঃ
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
সোমবার বিকেল ৪টার দিকে আতিকুর রহমান (২৩) আত্মহত্যা করেন। তার গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলায়। তিনি ১০-১১ শিক্ষাবর্ষের লোক প্রশাসন বিভাগের ছাত্র ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, কুষ্টিয়ার পিটিআই রোডের রোকেয়া ভিলার ছাত্রাবাসে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আতিকুর রহমান আত্মহত্যা করেছেন।
মৃত্যুর আগে তিনি একটি চিরকুট লিখে রেখে গেছেন। তবে তাতে কী লেখা রয়েছে এখনো তা জানা যায়নি।
আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।