প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত এসএসএফ সদস্যরা রোববার বিকালে ফারহানা হায়দার মল্লিক (৩৫) নামে ওই নারীকে আদমদিঘী থানায় হস্তান্তর করে বলে ওসি শওকত কবীর জানান।
প্রধানমন্ত্রী সকালে সান্তাহারে সৌরবিদ্যুৎ সুবিধাসহ ২৫ হাজার টন ধারণ ক্ষমতার বহুতল খাদ্য গুদামসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন কবেন। বিকালে সান্তাহার স্টেডিয়ামে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেন তিনি।
ওসি শওকত বলেন, “বিকাল সাড়ে ৪ টার দিকে ফারহানা নিরাপত্তা বেষ্টনী পার হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে চলে আসেন। এসময় নিরাপত্তাকর্মীরা তাকে আটকে দেন।”
ফারহানা বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সাহারপুকুর এলাকার হায়দার মল্লিকের স্ত্রী। স্বামীর সঙ্গে তিনিও ঢাকায় বসবাস করেন বলে এই নারী জানিয়েছেন। তিনি প্রধানমন্ত্রীর কাছে কেন যাওয়ার চেষ্টা করেছিলেন, তা বের করতে জিজ্ঞাসাবাদ চলছে বলে ওসি জানান।