মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পীরগঞ্জে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির অর্থ মোবাইল ব্যাংকিং কার্যকম উদ্বোধন

Muktijoddhar Kantho ৬৬ বার পঠিত ৪ মিনিটের পাঠ

রবিউল ইসলাম জুয়েল, পীরগঞ্জ (রংপুর) থেকে :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের পীরগঞ্জ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, দিনাজপুরের পার্বতীপুরসহ ৩টি উপজেলায় রূপালী ব্যাংক শিওর ক্যাশের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের উপবৃত্তির অর্থ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন।

বুধবার সকাল ১০:৩০টায় গণ ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পীরগঞ্জের উপজেলা পরিষদ অডিটরিয়াম হলে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মোবাইল ব্যাংকিংয়ে ১ কোটি ৩০ লাখ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মায়েদের কাছে উপবৃত্তির টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রূপালী ব্যাংকের শিওর ক্যাশ সার্ভিসের মাধ্যমে শিক্ষার্থীদের মায়েরা এ টাকা উত্তোলন করতে পারবেন। প্রধানমন্ত্রী ট্যাবের সুইচ চেপে এই কার্যক্রম উদ্বোধনের সঙ্গে সারাদেশের ১ম থেকে ৫ম শ্রেণী এবং ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী পর্যন্ত ২ কোটি ৩০ লাখ মায়েদের হাতে উপবৃত্তির টাকা পৌঁছে যায়। ‘মায়ের হাসি’ নামক এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৬শ’ কোটি টাকা। প্রতি মাসে ১ কোটি ২০ লাখ মায়ের কাছে মোবাইল ফোনের মাধ্যমে এই নির্দিষ্ট পরিমাণ টাকা পৌঁছে যাবে এবং মায়েরা শিওর ক্যাশের এজেন্টের মাধ্যমে এই টাকা ক্যাশ করে নিতে পারবেন।

প্রধানমন্ত্রী বলেন, মায়েদের যাদের হাতে মোবাইল ফোন নাই, তাদের ২০ লাখ সিম এবং ২০ টাকা ফ্রি টক টাইম দেয়ার চুক্তি করেছে ‘টেলিটক’। কাজেই আমরা তাদের হাতে ও মোবাইল ফোন পৌঁছে দিচ্ছি। অর্থাৎ এখন সবার হাতেই মোবাইল ফোন এবং এই মোবাইল ফোনের মাধ্যমে টাকা চলে যাচ্ছে। টাকা তোলার জন্য কোন ঝামেলা পোহাতে হচ্ছে না, দূরে যেতে হচ্ছে না। ঘরে বসেই টাকার খবরটা পেয়ে যাচ্ছেন ।

তিনি বলেন, এই টাকার যেন অপব্যবহার না হয়, সেদিকে লক্ষ্য রেখেই এই পদক্ষেপ আমরা নিয়েছি। কাজেই আমি সত্যই আনন্দিত যে, ডিজিটাল বাংলাদেশ আজকে বাস্তব। এর সুফলটা আজ গ্রামের মানুষ পাচ্ছে, প্রত্যন্ত অঞ্চলের মানুষ পাচ্ছে। কাজেই আমি মনেকরি সেটাই সবথেকে বড় অর্জন। ডিজিটাল পদ্ধতিতে অনলাইনে ১ কোটি ২০ লাখ মায়েদের কাছে আজ উপবৃত্তির টাকা পৌঁছে যাচ্ছে।

শেখ হাসিনা বলেন, আমি আর একটা আবেদন করব, অভিভাবকদের প্রতি নিজেদের ছেলেমেয়েরা যেন মন দিয়ে লেখাপড়া করে সেদিকে আপনারা যেমন খেয়াল রাখবেন তেমনি ছেলেমেয়ে যেন বিপথে না যায়, ছেলেবেলা থেকেই সেভাবে তাদের গড়ে তুলবেন। তারা যেন আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারে, দেশকে ভালবাসতে পারে, মানুষের জন্য তাদের মানসিকতা যেন এমনভাবে গড়ে ওঠে যে দেশটা নিজের সেই বোধ যেন গড়ে ওঠে। যাতে মুক্তিযুদ্ধের চেতনায় ভবিষ্যতে এদেশ গড়ে ওঠে এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা আমরা গড়তে পারি।অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান স্বাগত বক্তৃতা করেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসির চৌধুরী অনুষ্ঠানটি পরিচালনা করেন।

এ সময় পীরগঞ্জে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশাসক ওয়াহেদুজ্জামান, প্রধান শিক্ষক রোকসানা পারভিন, অভিভাবক শাহনাজ বেগম। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান মিজান, পীরগঞ্জ মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবা মিথী, পীরগঞ্জের ইউএনও কমল কুমার ঘোষ, পৌরসভার মেয়র আবু ছালেহ মো: তাজিমুল ইসলাম শামিম। উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব রওশন আরা ওয়াহেদ, মহিলা লীগের সভাপতি আলহাজ্ব জোহরা বেগম, রূপালী ব্যাংক শিওর ক্যাশের ভাইস প্রেসিডেন্ট ময়ন উদ্দিন চিসতি। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেজাউল করিম প্রমুখ। উল্লেখ্য এ উপজেলায় ২’শ ৩২টি স্কুলে ৩৮ হাজার ৮ জন ছাত্র/ছাত্রী ১ কোটি ৬ লাখ ৭৭ হাজার ১’শ ৫০ টাকা পাবেন বলে জানা গেছে।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০১-মার্চ-২০১৭ইং/নোমান