শোক দিবসে জন্মদিন পালন করলে উচিত জবাব: হাছান মাহমুদ

মুক্তিযোদ্ধার কন্ঠঃ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, আমরা অপেক্ষায় আছি এতদিন ধরে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া যে ১৫ আগস্ট কেক কাটেন তার জন্য ক্ষমা চাইবেন। তিনি সেই গর্হিত কাজটি আগামীকাল (১৫ আগস্ট) করবেন না। তিনি যদি সেই গর্হিত কাজটি করেন তাহলে জনগণ এর উচিত জবাব দেবে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত রাজধানীর শিল্পকলা একাডেমীতে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় শুক্রবার দুপুরে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
হাছান মাহমুদ বলেন, দুই বারের প্রধানমন্ত্রীর শপথ নিয়েছেন, তার চার-পাঁচটা জন্মদিন। তিনি রাজনীতি করেন, তার সাথে অনেকে লাফালাফিও করেন। বাংলাদেশ বাদে বিশ্বের অন্য যে কোনো দেশে হলে তিনি রাজনীতিতে অযোগ্য বিবেচিত হতেন।
সভায় খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল বলেন, কয়েকটি খুচরা দল, নাম ও প্যাড সর্বস্ব দল নিয়ে খালেদা জিয়া ২০-দলীয় জোটের বৈঠক করেছেন। বৈঠকে খালেদা জিয়া জানিয়েছেন তারা জামায়াতের সঙ্গে ছাড়বে না।
একাত্তরের ঘাতক, পঁচাত্তরের ঘাতক এবং বর্তমানে যারা হত্যাকাণ্ড ঘটাচ্ছেন কাউকে বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই।
তিনি বলেন, আগামী দিনে খালেদা জিয়া কী করেন, জনগণের নেত্রী হিসেবে মায়ের রূপে আবির্ভূত হন তা দেখার অপেক্ষায় আছি।
সংগঠনের কার্যকরি সভাপতি অভিনেতা সৈয়দ হাসান ইমামের সভাপতিত্বে সভায় আভিনেতা এটিএম শামসুজ্জমান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ উপস্থিত ছিলেন।