বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি স্থগিত
রংপুর প্রতিনিধিঃ
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়েছে।
জানাগেছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান শিথিল স্থানীয় কনফেকশনারি ব্যবসায়ী লাভলুর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু টাকা দিতে রাজি না হওয়ায় সকাল ১০ টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা ভাঙচুর করে। এর প্রতিবাদে বিকালে বিশ্ববিদ্যালয়ের পার্কের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন ব্যবসায়ীরা।
এই সমাবেশে ছাত্রলীগ নেতা-কর্মীরা হামলা করে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। তারা জানান, তাদের বক্তব্য চলাকালে বিকাল সাড়ে পাঁচটার দিকে হামলায় হয়। ব্যবসায়ীরা প্রতিরোধ করলে বাধে সংঘর্ষ। সন্ধ্যা সাড়ে ছয়টায় এই প্রতিবেদন লেখার সময়ও বিক্ষিপ্তভাবে সংঘর্ষ চলছিল। এক পর্যায়ে বেশ কিছু দোকানে আগুন ধরিয়ে দেয়া হয়। সংঘর্ষের কারণে রংপুর-কুড়িগ্রাম ও রংপুর-লালমনিরহাট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে রংপুরে সংঘর্ষের এই খবর ঢাকায় পৌঁছার পর পর ব্যবস্থা নেয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। তাৎক্ষণিক সিদ্ধান্তে বাতিল করা হয় রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার কমিটি।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কমিটি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘সংগঠনের শৃঙ্খলাবিরোধী কোনো কার্যক্রম মেনে নেয়া হবে না। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।’
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৪-০৩-২০১৭ইং/ অর্থ