সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়রের দায়িত্ব পেলেন নাছির উদ্দিন
সিরাজগঞ্জ প্রতিনিধি :
সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামী শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরু গ্রেফতার হয়ে জেল হাজতে থাকায় পৌরসভার প্যানেল মেয়র- ২ নাছির উদ্দিনকে পৌরসভার দৈনন্দিন কার্যক্রম পরিচালনাসহ মেয়রের আর্থিক ও প্রশাসনিক যাবতীয় কার্যাদি পরিচালনার দায়িত্ব প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ পৌর- ১ শাখার উপ-সচিব আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি প্যানেল মেয়র- ২ নাছির উদ্দিন বরাবর পাঠানো হয়েছে ( যার স্মারক নং- ৪৬.০০.০০০০.০৬৩.৩১.০০১.১৫-২৮১, তারিখ : ০৭-০৩-২০১৭ খ্রি. )। ওই চিঠির অনুলিপি সিরাজগঞ্জ জেলা প্রশাসক, শাহজাদপুর পৌরমেয়র, শাহজাদপুর পৌরসভার সচিব ও স্থানীয় সরকার বিভাগের প্রোগ্রামার বরাবর পাঠানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নাছির উদ্দিন এ দায়িত্ব পালন করবেন মর্মে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
জানা গেছে, প্রায় একমাস পূর্বে সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামী পৌর মেয়র হালিমুল হক মিরু গ্রেফতার হয়ে জেল হাজতে থাকায় পৌরসভার আর্থিক ও প্রশাসনিকসহ দৈনন্দিন কার্যক্রম নানা সমস্যা দেখা দেয়ায় পৌরবাসী নানা দুর্ভোগের শিকার হয়। স্থানীয় সরকর বিভাগ এ সিদ্ধান্ত নেয়ায় পৌরবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৭-মার্চ-২০১৭ইং/নোমান