মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না, সে সিদ্ধান্ত দলের

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৬ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কন্ঠ রিপোর্টঃ 

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না, সে সিদ্ধান্ত দলের।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে সহায়ক সরকারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী বন্ধু দল আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন।

নোমান বলেন, নির্বাচনে অংশগ্রহণের যে প্রস্তুতি ও সক্ষমতা প্রয়োজন তা বিএনপির আছে। তবে সরকার যদি অপচেষ্টা করে বিএনপিকে জোর করে নির্বাচনে আনতে চায়, সেক্ষেত্রে দল তার নিজস্ব কৌশল ব্যবহার করবে। তখন দল সিদ্ধান্ত নেবে নির্বাচনে আসবে কি আসবে না।

বিএনপিকে হালকা করে দেখার সুযোগ নেই মন্তব্য করে নোমান বলেন, বিএনপি বৃহৎ দল হিসেবে জনগণের পক্ষে জনগণকে নিয়ে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। সেক্ষেত্রে জনগণের ভোটাধিকার আদায়ে কাজ করে যাবে। কোনো ধরনের অপচেষ্টা-অপকৌশল করে সরকার বিএনপিকে ঠেকাতে পারবে না।

প্রশ্নবিদ্ধ নির্বাচন যেন না হয়- প্রধানমন্ত্রীর দেওয়া এ বক্তব্য বিএনপির সঙ্গে মিল রয়েছে জানিয়ে তিনি বলেন, বিএনপির রেজিস্ট্রেশন বাতিল হলো কি হলো না তা মুখ্য বিষয় নয়। বিএনপির দাবি জনগণের দাবি। জনগণের ভোটাধিকার আদায়ে বিএনপি কাজ করে যাবে। জনগণ ঠিক করবে তারা আগামী নির্বাচনে কাকে চায়।

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে প্রশ্ন তুলে নোমান বলেন, ভারত সফরে কী চুক্তি হবে তা স্পষ্ট নয়। জাতি জানতে চায় এ সফর দেশের কি সুফল বয়ে আনবে। দেশের পার্লামেন্ট সদস্যরাও জানেন না কী চুক্তি হবে। কোনো আলোচনাও হয়নি এটা নিয়ে। এমন কোনো চুক্তি করবেন না যেখানে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে।

বাংলাদেশ জাতীয়তাবাদী বন্ধু দলের প্রতিষ্ঠাতা সভাপতি শরীফ মোস্তফা জামান লিটুর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, জাতীয় পার্টি (কাজী জাফর) প্রেসিডিয়াম মেম্বার আহসান হাবীব লিংকন প্রমুখ।