রাজশাহীতে জেএমবি এক সদস্য আটক
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট :
রাজশাহীর পবায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য আবু জাফরকে (৩১) আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার নওহাটা পৌর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আবু জাফর উপজেলার দির্ঘী পারিলার এলাকার আবু বক্করের ছেলে।
পুলিশের ভাষ্য, আবু জাফর নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। পুলিশের তালিকায় ১৩০ নম্বরে রয়েছেন তিনি। এছাড়া ২০০৫ সালে রাষ্ট্রদ্রোহী মামলার আসামি ছিলেন আবু জাফর।
২০০৪ সালে জেএমবির শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের হাত ধরে জঙ্গি সংগঠনে যোগ দেন আবু জাফর। ওই সময় পবাসহ, বাগমারা এলাকায় জঙ্গি কর্মকাণ্ডে জড়ান তিনি। তার বিরুদ্ধে হত্যা, গুম ও নির্যাতনসহ নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
পবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমাল কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবু জাফরকে আটক করা হয়। তিনি জেএমবির সদস্য সক্রিয়। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে নেয়া হবে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৩-মার্চ-২০১৭ইং/নোমান