মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

জাতির পিতাকে নিয়ে কটুক্তি করার অপরাধে শিক্ষক বহিষ্কার

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৫ বার পঠিত ৩ মিনিটের পাঠ

শাহাদাত হোসাইন সাদিক, রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতাঃ 

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে নিয়ে কটুক্তি করায় আ.ন.ম ইব্রাহীম নামের কলেজের ধর্মীয় শিক্ষককে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। সোমবার (১৩ মার্চ) কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ইসলাম শিক্ষা ক্লাসে শিক্ষক আ.ন.ম ইব্রাহীম বঙ্গবন্ধুকে নিয়ে অশালীন মন্তব্য করায় শিক্ষার্থীদের মৌখিক অভিযোগে সাময়িক বরখাস্ত ও তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে কলেজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে তদন্ত প্রতিবেদনে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই শিক্ষকে স্থায়ীভাবে কলেজ থেকে বহিষ্কার করা হয়। বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ-উত্তেজনা বিরাজ করছে। আ.ন.ম ইব্রাহীম উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামে অবস্থিত প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক। জানা যায়, ধর্মীয় শিক্ষকের কুটুক্তির বিষয়টি শিক্ষার্থীরা প্রতিবাদ করে কলেজের অধ্যক্ষকে জানান। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে কলেজ পরিচালনা কমিটি তাৎক্ষণিক সভা করে ওই শিক্ষককে সাময়িক বহিষ্কার করেন এবং বৃহস্পতিবার দুপুরে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। কমিটির তদন্ত প্রতিবেদনে শিক্ষক দোষী সাব্যস্ত হওয়ায় তাকে স্থায়ীভাবে কলেজ থেকে বহিস্কার করা হয়। নাম প্রকাশ না করার শর্তে একাদশ শ্রেণির কয়েকজন ছাত্র জানান, স্যার ক্লাসের শেষের দিকে আলোচনার ফাঁকে অপ্রাসঙ্গিকভাবে বঙ্গবন্ধুকে শয়তান, অসভ্য বলে বাজে মন্তব্য করে ক্লাস থেকে বেরিয়ে আসেন। পরে বিষয়টি শিক্ষকসহ অন্যান্যদেরকে জানানো হয়।
কলেজের ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি কাজী নুরুল ফেরদাউস বলেন, ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক আ.ন.ম ইব্রাহীম বঙ্গবন্ধুকে নিয়ে অশালীন মন্তব্য করায় আমরা তাকে সাময়িক বহিষ্কার করে বিষয়টি তদন্ত করার জন্য কমিটি গঠন করি।
অভিযুক্ত শিক্ষক আ.ন.ম ইব্রাহীম বলেন, আমি বঙ্গবন্ধুকে নিয়ে কোনো কটুক্তি কিংবা অশালীন কথা বলিনি। একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নুরুল আমিন জানান, এ ধরনের মন্তব্য করে তিনি কাজটি মোটেও ঠিক করেননি। বৃহস্পতিবার দুপুরে তদন্তে ওই শিক্ষক দোষী সাব্যস্ত হওয়ায় স্থায়ীভাবে তাকে কলেজ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৬-০৩-২০১৭ইং/ অর্থ