মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আগামী সংসদ নির্বাচন একতরফা হবে না : ফখরুল

Muktijoddhar Kantho ২০ বার পঠিত ২ মিনিটের পাঠ

রাজনৈতিক ডেস্ক :

দশম সংসদ নির্বাচনের মতো একাদশ সংসদ নির্বাচন একতরফা হবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি পূরণ না হওয়ায় আগামী নির্বাচনে দলটির অংশগ্রহণের বিষয়ে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের এ কথা বলেছেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদেরকে আগামী নির্বাচন সংক্রান্ত প্রশ্নের জবাব দেন ফখরুল। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নব গঠিত কাযনির্বাহী কমিটির নেতাদের নিয়ে জিয়ার সমাধিতে ফুল দিতে যান তিনি।

এক প্রশ্নের জবাব ফখরুল বলেন, ‘এটা ইতোমধ্যে প্রতীয়মান হয়েছে য়ে, বিরোধী দলকে কোণঠাসা করে কোনো সুযোগ না দিয়েই তারা নির্বাচন করতে চায়-যেটা ২০১৪ সালে করেছিল। কিন্তু এবার ২০১৪ সালের মতো একতরফা নির্বাচন করা তাদের পক্ষে সম্ভব হবে না। জনগণ কোনো ভাবেই মেনে নেবে না।’

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি পূরণ না হওয়ায় ২০১৪ সালে দশম সংসদ নির্বাচন বর্জন করে ভোট ঠেকানোর ঘোষণা দেয় বিএনপি। যে দাবিতে তারা এই অবস্থান নিয়েছে, সেই তত্ত্বাবধায়ক সরকারের দাবি পূরণ হবে না-এবার জানিয়ে দিয়েছে সরকারি দল আওয়ামী লীগ।

এই অবস্থায় বিএনপি আবারও নির্বাচন বর্জনের মতো সিদ্ধান্তে যাবে কি না এ নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। তবে বিএনপির পক্ষে ২০১৪ সালের মতো সিদ্ধান্ত নেয়া দুই কারণে কঠিন। প্রথমত এর আগে জাতীয় পার্টি ও বিএনপি দেশে একতরফা নির্বাচন করে ক্ষমতায় টিকতে না পারলেও এবার আওয়ামী লীগের অবস্থান শক্তিশালী। দ্বিতীয়ত নিবন্ধন আইন অনুযায়ী পর পর দুইবার কোনো দল নির্বাচন বর্জন করলে তাদের নিবন্ধন বাতিল হতে পারে। আর নিবন্ধন বাতিল হওয়া দলের পক্ষে নিজ প্রতীকে ভোটে দাঁড়ানোর সুযোগ নেই।

আওয়ামী লীগ নেতারা বলে আসছেন, বিএনপি আর আগামী নির্বাচন বর্জন করবে না।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৬-মার্চ-২০১৭ইং/নোমান