রায়পুরে দিন মজুরের বাড়ি ভাংচুর, শিশু আহত
শাহাদাত হোসাইন সাদিক, রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতাঃ
লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধের জের ধরে দিনমজুর জহিরুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এসময় তার মেয়ে আঁখি আক্তার (৪) পিটিয়ে আহত করা হয়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বামনী ইউনিয়নের সাইচা গ্রামে। এ ঘটনায় প্রতিপক্ষ সফিকউল্লাহ সহ পাঁচ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগে সূত্রে জানা যায়, জমি নিয়ে সাইচা গ্রামের জহিরুল ইসলামের সাথে সফিক উল্যা গং দের বিরোধ চলে আসছে। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশী বৈঠক হয়। ঘটনার সময় সফিক উল্যা সহযোগীদের নিয়ে জহিরুলের বসতবাড়িতে হামলা চালায়। এসময় ঘরের টিনের বেড়া কুপিয়ে বির্ধ্বস্ত ও আসববাপত্র ভাংচুর করেন। ঘটনার সময় তার মেয়ে আঁখিকে মারধর করেন। যাওয়ার সময় তারা এক ভরি স্বর্ণ, জমি বিক্রির ১ লক্ষ ৫০ হাজার টাকা ও জমির দলিল নিয়ে যায় বলে অভিযোগ করেন জহিরুল ইসলাম। আহত আঁখি স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
এ ব্যাপারে প্রতিপক্ষ সফিকউল্লাহ বলেন, জহিরুল ইসলামদের সাথে জমি নিয়ে কথা কাটাকাটি হয়। আমরা ঘর ভাংচুরের ঘটনায় জড়িত না। কারা এ ঘর ভাংচুর করেছে তা আমাদের জানা নেই।
জানতে চাইলে রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল ‘মুক্তিযোদ্ধার কন্ঠ’কে বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। সেখানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে থানায় হাজির হওয়ার জন্য নোটিশ করা হয়েছে।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৬-০৩-২০১৭ইং/ অর্থ