রাজশাহীতে ভূয়া গোয়েন্দা পুলিশ গ্রেফতার
রাজশাহী প্রতিনিধি :
রাজশাহী মহানগরীতে এক ভূয়া গোয়েন্দা পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম সোমবার রাতে নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন বরেন্দ্র জাদুঘর মোড় এলাকা থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আব্দুল আজি ওরফে রোকন (২৭)। সে নগরীর আসাম কলোনী এলাকার হযরত আলীর ছেলে। রাজশাহী মহানগর পুলিশের সিনিয়র সহকারি কমিশনার ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছে।
রাজশাহী মহানগর পুলিশের সিনিয়র সহকারি কমিশনার ইফতে খায়ের আলম জানান, গ্রেপ্তারকৃত আব্দুল আজিসহ আরো দুই জন সোমবার রাত সাড়ে ৮টার দিকে মনিচত্বর মোড় থেকে পাবনা সদর থানার রাকিব আহম্মেদের ছেলে আহম্মেদ রাফি (১৯)কে গোয়েন্দা পুলিশের পরিচয়ে ধরে। এরপরে তাকে বরেন্দ্র জাদুঘরের কাছে নিয়ে যায়। সেখানে আহম্মেদ রাফির কাছে থাকা মোবাইল ফোন থেকে তার মামাকে ফোন দেয়া হয়।
ফোনে আব্দুল আজি জানায় যে, আহম্মেদ রাফিকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে যেতে হবে। ফোন পেয়ে আহম্মেদ রাফির মামা বিষয়টি গোয়েন্দা পুলিশকে জানায়। গোয়েন্দা পুলিশের একটি টিম সেখানে উপস্থিত হলে অন্য দুই জন পালিয়ে গেলেও আব্দুল আজি ধরা পড়ে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৪-এপ্রিল-২০১৭ইং/নোমান