সমকালের পীরগঞ্জ উপজেলা প্রতিনিধির ওপর হামলা
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :
রংপুরে সমকাল পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি ও পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল আলম মিলনের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। তাকে আহত অবস্থায় পীরগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে পীরগঞ্জ বাজারে হামলার ওই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সাংবাদিক মিলন সকালে পীরগঞ্জ বাজারে বসে চা খাচ্ছিলেন। এসময় মেরাজুল ইসলাম ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মিলনের ওপর হামলা চালায়। তারা মিলনকে কুপিয়ে আহত করে। মিলনের চিৎকারে লোকজন আসার আগেই তারা পালিয়ে যায়। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে পীরগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
স্থানীয় সাংবাদিকরা জানায়, কয়েকদিন আগে মিলন পীরগঞ্জে স্কুল বন্ধ করে জুয়া খেলা নামে একটি খবর করেন। এতে মেরাজুল ইসলাম ও তার সাঙ্গপাঙ্গরা ক্ষিপ্ত হন। এ ঘটনার জের ধরেই সাংবাদিক মাজহারুল আলম মিলনের ওপর হামলা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক মোখলেছার রহমান জানান, সাংবাদিক মিলনের মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাত গুরুতর। এ মুহূর্তে কিছু বলা যাচ্ছে না।
পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) হারুন-অর-রশিদ বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মিলনকে উদ্ধার করি।
তিনি বলেন, মিলনের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চলছে।
ওসি আরো বলেন, সন্ত্রাসী যেই হউক তাকে ছাড় দেওয়া হবে না।
এদিকে, মাজহারুল আলম মিলনের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন রংপুরের মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ ও সাধারণ সম্পাদক হাসেম আলী।
তারা প্রশাসনের উদ্দেশে বলেন, দিনে দুপুরে সন্ত্রাসীরা মিলনের ওপর হামলা চালিয়েছে। তাই অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে সাংবাদিক সমাজ আন্দোলনে যেতে বাধ্য হবে।
এদিকে, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোকছেদ আলী সরকারসহ সাংবাদিকরা মিলনের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১১-এপ্রিল-২০১৭ইং/নোমান