শিক্ষার্থীর বেতন বাড়ানোর অর্থমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি ছাত্রমৈত্রীর
পাপন সরকার শুভ্র, রাজশাহী প্রতিনিধি :
আগামী বাজেটে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্নাতক পর্যায়ে শিক্ষার্থীদের বেতন পাঁচগুন বাড়ানোর অর্থমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারসহ তিনদফা দাবি জানিয়েছে রাজশাহী মহানগর ছাত্রমৈত্রী।
বুধবার সকালে সংবাদ সম্মেলন করে এ দাবি জানায় তারা। রাজশাহী শহীদ জামিল আকতার রতন স্মৃতি সংসদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান মহানগর ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক তামিম সিরাজী।
এসময় ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও মহানগরের সভাপতি তারেক রহমান, দপ্তর সম্পাদক বিক্রম আদিত্য বর্মন, সদস্য ইয়াসিন বাধন, মহানগর সমাজকল্যান সম্পাদক হাব্বিুল্লাহ সিদ্দিকী হাবিব উপস্থিত ছিলেন।
দাবিগুলো হলো, আগামী বাজেটে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্নাতক পর্যায়ে শিক্ষার্থীদের বেতন পাঁচগুন বাড়ানোর অর্থমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার, ছাত্র স্বার্থ বিরোধী ইউজিসির কৌশলপত্র বাতিল ও শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২৫ শতাংশ বরাদ্দ এবং সাম্প্রদায়িক ভরা হেফাজতি প্রেসকিপশনের বই বাতিল, মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত মেধা ও মননের বিকাশের শিক্ষার আলোকে প্রগতিশীল ও অসাম্প্রদায়িক পাঠ্যপুস্তক প্রণয়ন ও সাম্প্রদায়িক অপশক্তির সাথে সকল ধরনের আপোষকামীতা বন্ধ করা।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১২-এপ্রিল-২০১৭ইং/নোমান