মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ময়মনসিংহে পহেলা বৈশাখের বর্ণাঢ্য র‌্যালি

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬১ বার পঠিত ২ মিনিটের পাঠ

মাসুম আহমেদ, ময়মনসিংহঃ

নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ময়মনসিংহে বাংলা নববর্ষ উদযাপিত হচ্ছে। সকালে মুকুল নিকেতন স্কুল থেকে বের করা হয় বর্ণাঢ্য বর্ষবরণ র‌্যালি।

র‌্যালি উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন অব. ডা. মুজিবুর রহমান ফকির, রেল মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মতিউর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা, পৌর মেয়র ইকরামুল হক টিটু।

নানা উপকরণ দিয়ে র‌্যালিতে চিরায়ত বাংলার ইতিহাস-ঐতিহ্য আর গ্রামীণ চিত্র ফুটিয়ে তোলেন মুকুল নিকেতন স্কুলের শিক্ষার্থীরা। বর্ণাঢ্য র‌্যালিতে স্থান পায় আবহমান বাংলার গ্রামীণ ঐতিহ্যের সব ধরনের উপকরণ। যেমন ধান ও সবজি চাষের সব উপকরণ। গরু, মহিষ, লাঙল, কোদাল, কাঁচি, মাছ ধরার জাল, নৌকা, বড়শি, ঢেঁকি, কুলা। গরুর জন্য ঘাস কাটার বঁটি, চাড়িসহ গ্রামীণ পরিবেশের হাজার বছরের সব উপকরণ। তাছাড়াও কামার, কুমার, তাঁতি, জেলেসহ সব পেশার মানুষ তাদের নিজস্ব পেশার উপকরণ নিয়ে আসেন র‌্যালিতে। ঢাকঢোল, বাঁশি, একতারা, তানপুরাসহ বাঙালি সংস্কৃতির সঙ্গীতের সব উপকরণ নিয়ে ময়মনসিংহের সাংস্কৃতিককর্মীরা যোগ দেন প্রাণের উৎসবে। বিভিন্ন ধরনের মুখোশ পরে ছোট্ট মণিরাও অংশ নেয় বর্ণাঢ্য এই র‌্যালিতে।

র‌্যালি শেষে জয়নুল আবেদীন সংগ্রহশালার মাঠে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। ময়মনসিংহ পৌরপার্কের বৈশাখী মঞ্চে উদীচী শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় চলছে গান, নাচ আর আবৃত্তি।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৪-০৪-২০১৭ইং/ অর্থ