চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট :
তুচ্ছ ঘটনার জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপসহ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার বিশ্ববিদ্যালয়ের শাহজালাল ও শাহ আমানত হলে ছাত্রলীগের সভাপতি টিপু ও সাধারণ সম্পাদক সুজনের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিকেলে বিশ্ববিদ্যালয় স্টেশন চত্বরে মিরাজ হোসাইন নামে সুজনের অনুসারী এক ছাত্রলীগ কর্মীকে মারধর করে টিপুর অনুসারী জুনিয়র কর্মীরা।
এ ঘটনার জের ধরে রাতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এতে উভয় পক্ষ সংগঠিত হয়ে একে অপরকে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ উভয় পক্ষকে ধাওয়া দিয়ে হলের ভেতর ঢুকিয়ে দেয়। একপর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা আটক আতঙ্কে হল সংলগ্ন পাহাড়ে আশ্রয় নেয়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, রাতে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলেও এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কেউ আহত বা আটক হয়নি।
এদিকে, শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু বলেন, যেসব কর্মী এ ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে সংগঠন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। তবে মোবাইল বন্ধ থাকায় সাধারণ সম্পাদক এস এম ফজলে রাব্বী সুজনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৬-এপ্রিল-২০১৭ইং/নোমান