সিপিবির সভাপতিকে আখাউড়া উপজেলা ছাত্রলীগ নেতার লিগ্যাল নোটিশ
সাইমুন আহমেদ রবিন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।।
ঘুষ ছাড়া চাকরি হয় না’ সিপিবির সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিমের এমন বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন আখাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম। গতকাল মঙ্গলবার বিকালে তার পক্ষে এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানায় ডাকযোগে এ নোটিশ পাঠানো হয়।
নোটিশ সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল ঢাকায় প্রেসক্লাবের সমানে যুব ইউনিয়নের এক সমাবেশে সিপিবির সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম তার বক্তৃতায় বলেন, ‘এখন বাংলাদেশে চাকরির জন্য প্রত্যেককেই ঘুষ দিতে হয়’ ঘুষ ছাড়া চাকরি নিয়েছেন এমন কাউকে পাওয়া গেলে তাকে তিনি সংবর্ধনা দেবেন। সেলিমের এ ধরনের বক্তব্য দেশ ও জাতিকে মারাত্মক কলঙ্কিত করেছে বলে তিনি মনে করেন। সেলিমের এধরনের উক্তির কারণে বাংলাদেশের শিক্ষিত, ছাত্র-ছাত্রী ও যুব সমাজ এবং মেধাবী ছাত্রছাত্রীরা লেখাপড়ার প্রতি উৎসাহ হারিয়ে ফেলবে বলে তার ধারনা। একজন সচেতন নাগরিক হিসাবে ছাত্রলীগ নেতা মোজাহিদের এ বক্তব্যে মারাত্মক মর্মাহত হয়েছেন। তিনি সিপিরি সভাপতির এমন মনগড়া ভিত্তিহীন ও বানোয়াট বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
ছাত্রলীগ নেতা শরীফুল ইসলামের দাবী আইনমন্ত্রী আনিসুল হক এর নির্বাচনী এলাকা কসবা-আখাউড়ার বহু লোক মেধা এবং যোগ্যতার ভিত্তিতে সরকারী চাকরি পেয়েছে। এজন্য কাউকে ঘুষ দিতে হয়নি।
মোজাহিদুল ইসলামের অযৌক্তিক, মিথ্যা, বানোয়াট ও মনগড়া তথ্য নির্ভর উক্তি জাতির জন্য মানহানিকর হওয়ায় নোটিশ প্রাপ্তির ১০ দিনের মধ্যে তার বক্তব্য প্রত্যাহার করে দেশ ও জাতির নিকট ক্ষমা চাওয়ার দাবী জানানো হয়েছে। নতুবা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গত ২০ এপ্রিল ঢাকায় জাতীয় যুব ইউনিয়নের এক সমাবেশে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, বাংলাদেশে চাকরির জন্য প্রত্যেককেই ঘুষ দিতে হয়। তিনি বলেন, ঘুষ ছাড়া চাকরি নিয়েছেন এমন কাউকে পাওয়া গেলে তাকে সংবর্ধনা দেবেন তিনি।
সমাবেশে সিপিবি সভাপতি বলেন, এমএ পাস, বিএ পাস, মেট্রিক পাস কিংবা শিক্ষাবঞ্চিত সাধারণ নাগরিক হোক, বড় অফিসার থেকে শুরু করে পিয়নের চাকরি হোক, ঘুষ ছাড়া চাকরি পেয়েছে- এ রকম লোকের খোঁজ পেলে আমার কাছে নিয়ে আসবেন। আমি প্রেসক্লাবের সামনে তার ছবি সাঁটিয়ে রেখে দেব। যাতে দেশের ১৬ কোটি মানুষ তাকে দেখতে পারে।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৬-০৪-২০১৭ইং/ অর্থ