রামেকে চিকিৎসক পেটালেন দালালরা : আটক ২
পাপন সরকার শুভ্র, রাজশাহীঃ
এ্যাম্বুলেন্সের চালক ও দালালদের হাতে আরাফাত হোসেন নামে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এক চিকিৎসক লাঞ্ছিত হয়েছে। শনিবার দুপুর দুইটা দিকে রামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে। লাঞ্ছিত
চিকিৎসক আরাফাত হোসেন সার্জারি ইউনিটের সহকারি রেজিস্টার। এ ঘটনায় অরুন বিশ্বাস ও মিন্টু বিশ্বাস নামে দুই চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বাড়ি নগরীর রাজপাড়া থানার আন্দারকোটা এলাকায়।
হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার এমএ জলিল আহাম্মেদ জানান, রামেক হাসপাতালের সার্জারি ইউনিটের সহকারি রেজিস্ট্যার আরাফাত হোসেনসহ চার থেকে পাঁচ চিকিৎসক নগরীর নানকিং দরবার হলে দাওয়াত
খাওয়ার জন্য দুপুরে অটোরিকশা ধরার জন্য দাঁড়িয়ে ছিলেন। এসময় একটি এ্যাম্বুলেন্স পেছনে ঘুরাতে গিয়ে চিকিৎসক আরাফাত হোসেনকে ধাক্কা দেয়। এসময় চিকিৎসকরা প্রতিবাদ করে। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। সেখানে দাঁড়িয়ে থাকা অন্য মাইক্রোবাসের চালকরা দাঁড়িয়ে থাকা চিকিৎসকদের মারপিট করে।
ঘটনার কিছুক্ষণ পরে চিকিৎসক ও বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন (বিএমএ) নেতারা ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে জগিতদের গ্রেপ্তার ও হাসপাতাল ক্যাম্পাসে গাড়ী না রাখার আল্টিমেটাম দেন।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একাধিক কর্মকর্তা-কর্মচারী জানান, সম্প্রতি হাসপাতালের ভেতরে লাশবাহী গাড়ী পার্কিং করার কারণে দালালের সংখ্যাও বেড়ে গেছে। এসব গাড়ীর সিন্ডিকেট ৩ থেকে ৪ গুণ ভাড়া আদায় করে থাকে।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, এ ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এএফএম রফিকুল ইসলাম বলেন, চিকিৎসকরা যে দাবি জানিয়েছেন তা পূরণের আশ্বাস দেয়া হয়েছে।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৭-০৫-২০১৭ইং/ অর্থ