মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

মওদুদদের সঙ্গে কথা বলতে তার বাড়ির সামনে খালেদা

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬২ বার পঠিত ২ মিনিটের পাঠ

ঢাকা : বাড়ির মালিকানা নিয়ে আদালতের লড়াইয়ে হেরে যাওয়া বিএনপি নেতা মওদুদ আহমদের সঙ্গে কথা বলতে তার বাড়ির সামনে গেলেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার রাজধানীর বসুন্ধরায় এক ইফতার মাহফিলে অংশ নেওয়ার পর সেখান থেকে সরাসরি মওদুদের বাড়ির সামনে যান খালেদা জিয়া, যেখানে আগে থেকেই অবস্থান করছিলেন মওদুদ আহমদ।

এ সময় বিএনপি নেত্রী তার (মওদুদ আহমদ) সঙ্গে কথা বলেন। কীভাবে বাসার মালামাল বিনষ্ট করে সরকার সরাচ্ছে, তা মওদুদের কাছ থেকে শোনেন খালেদা জিয়া।

বিমর্ষ অবস্থায় মওদুদ আহমদ কীভাবে সরকার কোনো নোটিশ ছাড়া উচ্ছেদ অভিযান শুরু করে তা বিশদভাবে বিএনপি চেয়ারপারসনকে বলেন।

এ সময়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন উপস্থিত ছিলেন।

গুলশান-২ নম্বর সেকশনের ১৫৯ নম্বর প্লটের ওই বাড়িতে মওদুদ আহমদ বসবাস করে আসছিলেন ১৯৭২ সাল থেকে। কিন্তু ‘ভুয়া’ আমমোক্তারনামা তৈরি করে মওদুদের ভাইয়ের নামে ওই বাড়ির দখল নেওয়া হয়েছে অভিযোগ করে দুদক মামলা করলে চার বছর আগে আইনি লড়াই শুরু হয়।

ওই মামলায় মওদুদ সর্বোচ্চ আদালত পর্যন্ত গেলেও রায় তার বিপক্ষে যায়। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আপিলের রায় পুনর্বিবেচনার আবেদন করলেও গত রোববার তা খারিজ হয়ে গেলে মওদুদের বাড়ি ছাড়া অনিবার্য হয়ে পড়ে।

এরপর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বুধবার দুপুরের দিকে ওই বাড়ির দখল বুঝে নিতে উচ্ছেদ অভিযান শুরু করে।