২য় বার মেডিকেলে ভর্তিচ্ছুদের ৫নম্বর কাটার সিদ্ধান্তে প্রতিবাদে মানববন্ধন বিএমআই এর
পাপন সরকার শুভ্র, রাজশাহীঃ
২০১৭-১৮ সেশনে মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজে দ্বিতীয়বার ভর্তিচ্ছুদের ৫ নম্বর কাটার সিদ্ধান্তের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রোববার রাজশাহী মেডিকেল কলেজের সামনে মানববন্ধন
শেষে বিভাগীয় কমিশনারের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে রাজশাহী নগরের লালন শাহ মুক্তমঞ্চে মেডিকেলে দ্বিতীয়বার ভর্তিচ্ছু শিক্ষার্থীরা সমবেত হন। সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরের সাহেববাজার জিরোপয়েন্ট হয়ে
রাজশাহী মেডিকেল কলেজের সামনে এসে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলে বেলা সোয়া ১২টা পর্যন্ত।
মানববন্ধন শেষে বেলা ১টার দিকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গিয়ে শিক্ষার্থীরা স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ২০১৭-১৮ সেশনে মেডিকেল ও ডেন্টাল রি-অ্যাডমিশনের (দ্বিতীয়বার ভর্তি) যে ৫ নম্বর কাটার সিদ্ধান্ত নেয়া হয়েছে তা আমাদের ভবিষ্যৎ স্বপ্ন পূরণের অন্তরায় হয়ে দাঁড়াবে। অনেক কষ্ট করা সত্বেও এই ৫ নম্বরের জন্য দেশ থেকে ঝরে পড়বে সম্ভাবনাময় অনেক চিকিৎসক। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে সিদ্ধান্তটি আবার পূনর্বিবেচনা করা হোক।
আন্দোলনরত শিক্ষার্থী সোহাগ আলী বলেন, ‘গত বছর যারা মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে তাদের ৮৫ ভাগই দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছে। আমাদের শিক্ষাবর্ষের মাত্র ১৫ শতাংশ শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছে। এবার পরীক্ষার তিনমাস আগে এসে আমাদের ৫ নম্বর কেটে নেয়ার ঘোষণা দেয়া হয়েছে। ভর্তি পরীক্ষায় ৫ নম্বর অনেক বড় বিষয়। আমরা গত পরীক্ষাতেও বঞ্চিত হয়েছি, এবারও বঞ্ছিত হবো। আমাদের কী অপরাধ? অন্য ব্যাচের মতো আমাদেরও
সমান সুযোগ দেয়া হোক।
প্রসঙ্গত, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে নতুন শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষায় আগের বছর এইচএসসি উত্তীর্ণদের প্রাপ্ত মোট নম্বর থেকে পাঁচ নম্বর কেটে মেধা তালিকা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে, যারা দ্বিতীয়বার পরীক্ষা দেয় তারা সারা বছল কোচিং করে, অথচ যারা নতুন তারা মাত্র দুই মাস সময় পায়। নতুনদের সমান সুযোগ দিতে এই সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। গত ৪ জুন এই সিদ্ধান্ত নেয়া হয়।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১২-০৬-২০১৭ইং/ অর্থ