মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রাজশাহী নগরীতে সাত প্রতিষ্ঠানে সাড়ে ৩লাখ টাকা জরিমানা

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭৪ বার পঠিত ৩ মিনিটের পাঠ

পাপন সরকার শুভ্র, রাজশাহীঃ 

নেই উৎপাদনের তারিখ, নেই মেয়াদ, অনুমোদন না থাকলেও ব্যবহার করা হয়েছে বিএসটিআই এর লোগো, বেসনের ভেতরে কিলবিল করছে পোকা, সেই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদনের অভিযোগে রাজশাহীতে সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতটি প্রতিষ্ঠানের সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছে।

অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক অপূর্ব অধিকার অভিযান পরিচালনা করেন। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ এই অভিযানে সহযোগিতা করেন।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানে পদ্মা ফুড ইন্ডাস্ট্রিজকে মেয়দুত্তীর্ণ চানাচুর ও সেমাই উৎপাদন পোকা লাগা বেসন ব্যবহারের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয় ও একই ধারায় জীবন ক্যামিকেল অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ এর আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া মেয়াদ, সবোর্চচ খুচরা মূল্য না লেখা ও অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্যসামগ্রী উৎপাদনের অভিযোগে মর্ডাণ সেমাইয়ের ১০ হাজার, শাহী সেমাইয়ের ২০ হাজার, নূর বেকারীর ৫০ হাজার, বিশাল ফুডের ৫০ হাজার ও কুণ্ড বেকারীর ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা সঙ্গে সঙ্গে আদায় করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ বলেন, যে সব প্রতিষ্ঠানের জরিমানা করা হয়েছে, তাদের মধ্যে জীবন ক্যামিক্যাল অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ পচা কাঁচামাল দিয়ে ডেক্সট্রোজ তৈরি করছে। তাদের বিএসটিআইয়ের কোনো অনুমোদন নেই। তারা বিএসটিআইএর লোগো ব্যবহার করছে। তারা ট্যাঙ্ক জাতীয় একটি ‘ড্রিঙ্কস’ তৈরি করছে যার উৎপাদনের কোনো তারিখ নেই। কোনো মেয়াদ দেওয়া নেই। পদ্মা ফুড তাদের সেমাইয়ের মেয়াদ লিখে রেখেছে দুই বছর। তারা কিসের পরিপ্রেক্ষিতে এই মেয়াদ লিখেছে তার কোনো প্রমাণপত্র দিতে পারেনি। তারা মেঝতে ফেলে সেমাই মোড়কজাত করছে।

তিনি বলেন, সেমাই একটি খাদ্যপণ্য। এমন জায়গায় রেখে সেমাই মোড়কজাত করতে হবে যেখানে ভাত রেখে খাওয়া যায়। এই প্রতিষ্ঠানের বেসনের মধ্যে পোকা কিলবিল করছে। তাদের কারখানা থেকে মেয়াদুত্তীর্ণ চানাচুর পাওয়া গেছে।

অভিযান চলাকালে ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্বলিত লিফলেট বিতরণ করা হয় এবং আইনটি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৯-০৬-২০১৭ইং/ অর্থ