রাজশাহী রেলস্টেশনে যাত্রীদের হয়রানি বন্ধে বিজিবি মোতায়েন
পাপন সরকার শুভ্র, রাজশাহীঃ
রাজশাহী রেলওয়ে স্টেশনে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে টিকিট বিক্রি শুরু হয়। যাত্রীদের হয়রানি বন্ধে বুধবার থেকে স্টেশনের নিরাপত্তার দায়িত্বে কাজ করছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।
এছাড়া ট্রেনের যাত্রীদের হয়রানি বন্ধে আগে থেকেই রেল পুলিশ ও আনসার সদস্যরাও থাকছে বলে জানায় রাজশাহী রেলওয়ের স্টেশন মাস্টার মো. জাহিদ।
তিনি বলেন, ট্রেনের টিকিট বিক্রিতে কোনো ধরনের সমস্যা যেনো না হয়, সেইজন্য আইনশৃঙ্খলা বাহীনীর সদস্যরা কাজ করছে। এছাড়া কালোবাজারে টিকিট ও স্থানীয়দের নিয়ে নানা সমস্যার কথা ভেবে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, স্টেশনের ভেতরে যাত্রীদের নিরাপত্তা বা হয়রানী বন্ধের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছে। এছাড়াও ভ্রাম্যমাণ আদালতও মাঠে কাজ করছে। এদিকে টিকিট কাউন্টারগুলোতে লক্ষ্য করা গেছে টিকিট প্রত্যাশীদের ভিড়। টিকিট প্রত্যাশীরা তাদের চাহিদা মত টিকিট কিনছেন। নানাভাবে ট্রেনের যাত্রীদের হয়রানি করা হয় এটা তো সবাই যানে। টিকিট কাটা থেকে শুরু করে আগমন ও গমনের হয়রানি করা হয়। তবে বিজিবির পাহারায়, ট্রেনের যাত্রীদের টিকিটসহ আগমন ও গমনের সব ধরণের হয়রানি বন্ধ হবে-এমনটিই বলছিলেন টিকিট প্রত্যাশী সাইফুল
ইসলাম।
এদিকে জানা গেছে, রাজশাহী-ঢাকা- রাজশাহী এর মধ্যে ঈদ স্পেশাল-৩ এবং ঈদ স্পেশাল-৪। ২২ জুন থেকে ঈদের পূর্ব দিন পর্যন্ত এবং ঈদের পরে দ্বিতীয় দিন থেকে সাত দিন চলাচল করবে। দুপুর দেড়টায় ঈদ স্পেশাল-৪ রাজশাহী থেকে ঢাকার উদ্দ্যেশে ছেড়ে যাবে। রাত নয়টা ২৫ মিনিটে ঈদ স্পেশাল-৩ ঢাকা থেকে রাজশাহীর উদ্দ্যেশে ছেড়ে আসবে। এছাড়া ২১ জুন থেকে ঈদুল ফিতর উপলক্ষে অন্তনগর ও কমিউটার ট্রেনের কোন অফ-ডে থাকবে না। যাত্রীর চাহিদা বিবেচনা করে ২৩ জুনের পরিবর্তে রাজশাহী ও পাবর্তীপুরগামী ট্রেন ২২ জুন থেকে চলা শুরু করবে।
বিজিবির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘যাত্রীদের সব ধরনের হয়রানি রোধে বিজিবি ঈদের মধ্যে কাজ করবে। ঈদে ঘরমুখো এবং ফিরতি যাত্রীরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয়, এ কারণেই তাদের স্টেশনে পাহারায় বসানো হয়েছে।