সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঈদের নামাজ পড়তে এসে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সিরাজগঞ্জ প্রতিনিধি :
উল্লাপাড়ায় ঈদ-উল-ফিতরের নামাজ পড়তে এসে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। এঘটনায় অই এলাকায় থম থমে অবস্থা বিরাজ করছে। সোমবার (২৬ জুন) সকাল ১০টার উপজেলার সলপ ইউনিয়নের নলসন্দা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এলাকাবাসী সুত্রে জানা গেছে, ঈদের নামাজ শেষে ময়নুল গং এর লোকজন তোফাজ্জল গং এর লোকজনের উপর অতর্কিত হামলা চালায়।
পূর্ব শত্রুতার জেরে এ সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় কিছু ঘরবাড়ি ভাংচুর হয়েছে এমন অভিযোগ করেছে ময়নুল গং এর লোকজন। আহতরা হলেন, মৃত আঃ হাকিমের ছেলেল লাল মিয়া(২৭), শাহিদুল ইসলামের ছেলে সাজেদুল ইসলাম(২০), আব্দুল খালেকে তিন ছেলে খাইরুল ইসলাম(৪০), আখেরুল(২৩), আব্দুল হালিম(১৬), ময়নুল হকের ছেলে তৌফিকুর, মগবুলের ছেলে ইব্রাহীম(২৩) মৃত বাবু লালের ছেলে ছানোয়ার(৫০), মৃত মহাসিনের ছেলে আমিরুল ইসলাম(৪০) সহ অন্তত ১৫ জন আহত হয়েছে। এর মধ্যে লাল মিয়া ও আখেরুলকে গুরুতর আহত অবস্থায় উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে।
উল্লাপাড়া মডেল থানার সেকেন্ড অফিসার পবিত্র কুমার এ তথ্য নিশ্চিত করে জানান, নামাজ শেষে নলসন্দা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তোফাজ্জল গং ও ময়নুল গং এর মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে থানার পুলিশের আট সদস্যের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় কাউকে গ্রেফতার করা হয় নি। এ ব্যাপারে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৬-জুন-২০১৭ইং/নোমান