মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

জাতীয় পার্টি বিএনপির রিপ্লেস নয় : এরশাদ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৩ বার পঠিত ৩ মিনিটের পাঠ

ঢাকা : জাতীয় পার্টিকে (জাপা) বিএনপির জায়গায় নিতে চান না পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

তিনি বলেছেন, ‘বিএনপি অনেক মানুষ হত্যা করেছে, নির্যাতন করেছে। সেই দলটির জায়গায় আমরা যেতে চাই না। জাতীয় পার্টি বিএনপির রিপ্লেস নয়। তাদের হাতে রক্তের দাগ, আমার হাতে রক্তের দাগ নেই।’

সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে পার্টির যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাপার চেয়ারম্যান বলেন, ‘২৬ বছর ক্ষমতার বাইরে। এই সময়ে কত অত্যাচার, নির্যাতন সইতে হয়েছে। তারপরেও জাতীয় পার্টি ভেঙে যায় নাই।’

তিনি বলেন, ‘জেলে থেকে দুইবার পাঁচটি আসনে জয়লাভ করে পৃথিবীর ইতিহাসে আমিই বিরল ইতিহাস সৃষ্টি করেছি। আমরা নিঃশেষ হয়ে যাইনি, জাতীয় পার্টি বেঁচে আছে মাথা উঁচু করে। আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে আমরাই বিজয়ী হব।’

নেতা-কর্মীদের উদ্দেশে হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘তোমরা সংগঠিত হও, জাতীয় পার্টির জন্য আত্মনিয়োগ করো। তোমরাই পারবে জাতীয় পার্টিকে ক্ষমতায় নিয়ে যেতে। আমরা ক্ষমতায় যাব, ইনশাআল্লাহ।’

জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে ‘ফ্যাক্টর’ বলে মন্তব্য করেন তিনি।

জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপির সভাপতিত্বে পার্টির যৌথসভায় বক্তব্য রাখেন- প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দোলায়ার হোসেন খাঁন, তাজুল ইসলাম চৌধুরী এমপি, সাইদুর রহমান টেপা, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতী, অবসরপ্রাপ্ত মেজর খালেদ আখতার, সংসদ সদস্য নুরুল ইসলাম ওমর ও আমির হোসেন ভূইয়া, এরশাদের উপদেষ্টা কারি হাবিবুল্লাহ বেলালী, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, সফিকুল ইসলাম সেন্টু, যুগ্ম মহাসচিব জহিরুল আলম রুবেল, সাংগঠনিক সম্পাদক সরদার শাহজাহান, ডা. সেলিমা খান, শ্রমিক পার্টির এ কে এম আসরাফুজ্জামান খান, জাহাঙ্গীর হোসেন, ছাত্র সমাজের সভাপতি সৈয়দ ইফতেখার আহসান হাসান ও সেক্রেটারি মিজানুর রহমান মিরু প্রমূখ।

এ বি এম রুহুল আমিন হাওরাদার বলেন, ‘এরশাদের নেতৃত্বে নতুন জোট দেশবাসীর মাঝে আশার সঞ্চার করেছে। তৃণমূলে নেতা-কর্মীরাও জেগে উঠেছে।’

তিনি আরো বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের নেতৃত্বে যে জোট গঠিত হয়েছে, তা বড় দুটি জোটের বিকল্প হিসেবে দেশবাসীর প্রত্যাশা পূরণ করবে। জোটগত নির্বাচন করেই আগামীতে ক্ষমতায় যাবে।’

৮ জুলাই জোটের প্রতিনিধি সম্মেলন সফল করার পাশাপাশি জেলা-উপজেলায় জোট শক্তিশালী করার আহ্বান জানান জাপা মহাসচিব।