মহাদেবপুরে আশ্রয়ণ প্রকল্পে বিশুদ্ধ পানির তীব্র সংকট
আর আই সবুজ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর মহাদেবপুর উপজেলার রনাইল গ্রামে অবস্থিত আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মধ্যে বিশুদ্ধ পানির তীব্র সংকট চলছে। এর ফলে লোকজনকে প্রতিনিয়ত দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে। বিশুদ্ধ খাবার পানির জন্য ২০১৪ সালে আশ্রিতাদের জন্য ৬ টি টিউবওয়েল স্থাপন করলেও বর্তমানে সবকটিই অকেজো। ৩০ টি পরিবারের প্রায় ১২০ জনের জন্য সচল নেই ১টিও টিউবওয়েল, সংস্কার না করায় তীর্ব পানি সংকট।
বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উপজেলা প্রশাসনকে জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এর ফলে ভূমিহীন ৩০ পরিবারের মানুষ নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এখানে বাস করছে। বিশুদ্ধ পানীয়জলের অভাবে অনেকেই ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে।
আশ্রয়ণ প্রকল্পের সভাপতি গুলজার হোসেন জানান, পানি-সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা না নিলে মহামারি দেখা দেবে। পানির অভাবে সামনে আরও ভয়াবহ অবস্থার তৈরি হবে। পুকুরের পনি দিয়ে রান্না ও গোছল করা হয়। এক কিলোমিটার দূর থেকে কলসি ভরে পানি আনতে হয় পান করার জন্য । এলাকার শিশু ও বৃদ্ধরা পানিবাহী রোগে আক্রান্ত হচ্ছে।
আশ্রয় প্রকল্পের বাদিন্দা ফাতেমা বেওয়া জানান, এখানে আমাদের পুনর্বাসন করা হলেও ব্যবস্থা করা হয়নি কর্মসংস্থানের। এখানকার অধিকাংশ মানুষই অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছে। এ প্রকল্পে ৩০টি পরিবার জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে।
আশ্রয়ন প্রকল্পের সাধারন সম্পাদক হাফিজুর রহমান জানান, সরকার ভূমিহীনদের পুনর্বাসন করতে আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করে দেয়। কিন্তু দীর্ঘদিন পরও সংস্কার না করায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। এতে তাঁরা নানা সমস্যার মধ্যে থাকলেও সরকারিভাবে তা সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
এ বিষয়ে মহাদেবপুর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবারক হোসেন বলেন, শীঘ্রই আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করে সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে। কতৃপক্ষ যেন দ্রুত সংস্কার করে সীমাহীন দূর্ভোগের হাত থেকে শিশু ও বৃদ্ধসহ পরিবার পরিজন নিয়ে বসবাসের উপযোগী করার দাবি জানান আশ্রয়নবাসী।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৬–জুলাই–২০১৭ইং/নোমান