মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

তাবলিগে এসে রোজা রাখা অবস্থায় মসজিদে মুসল্লির মৃত্যু

Muktijoddhar Kantho ৬৬ বার পঠিত ২ মিনিটের পাঠ

ময়মনসিংহ:  ময়মনসিংহে তাবলিগে চিল্লা দিতে এসে মসজিদ পরিষ্কারকালে এক মুসল্লি মারা গেছেন। তার নাম আজিজুল হক। পয়ষট্টি বছর বয়স্ক ওই ব্যক্তি শরীয়তপুর জেলার সদর উপজেলার আঙ্গুরিয়া ইউনিয়নের বাসিন্দা।

জেলার গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের কাউরাট নূতন বাজার জামে মসজিদে শুক্রবার জুমার নামাজের কিছু আগে তাবলিগ জামায়াতের সাথী (মুসুল্লি) এ ব্যক্তির মৃত্যু হয়। রাতে তার লাশ পরিবারের লোকজন এসে নিয়ে গেছে।

স্থানীয়রা জানায়, এক চিল্লা (৪০ দিন সময়) দেয়ার উদ্দেশ্যে ৯ জুলাই তাবলিগ জামায়াতের সাথী হন তিনি।

জামাতের জিম্মাদার মাওলানা আব্দুল হালিম জানান, সকালের বয়ান শেষে দুপুর ১২টার দিকে জুমার নামাজের প্রস্তুতির জন্য মসজিদ ঝাড়ু দেয়ার সময় তিনি মারা যান। তিনি রোজাও ছিলেন। এক চিল্লার পাঁচ দিন মেহনত করেন।

কাউরাট ঈদগাহ ময়দানে আসরের নামাজের পর জানাজা হয়।

উপজেলা জিম্মাদার আব্দুল গফুর মাস্টার বলেন, এমন বিদায় আমরা প্রার্থনা করি- কিন্তু পাই না। এ সাথী ভাই শুক্রবারে জুমার নামাজের প্রস্তুতির সময় রোজাদার অবস্থায় মসজিদেই আল্লাহর রাস্তায় বিদায় নিলেন।

নামাজের পূর্ব মুহূর্তে বয়ান দেন মইলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান মো. রিয়াদুজ্জামান রিয়াদ। মরহুমের দুই নাতি মো. দেলোয়ার হোসেন ও আব্দুর রহমানের নিকট লাশ হস্তান্তর করেন ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ ও উপজেলা জিম্মাদার আব্দুল গফুর মাস্টার।

মরহুমের নাতি মো. দেলোয়ার হোসেন জানান, আজিজুল হক আঙ্গুরিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, নাত-নাতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৪জুলাই২০১৭ইং/নোমান