রাবির বাসের ট্রিপ সীমিত করায় রাবিতে বিক্ষোভ
পাপন সরকার শুভ্র, রাজশাহী :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের চলাচলের জন্য বাসের ট্রিপ কমানো এবং আবাসিক হলগুলোর ডাইনিংয়ে বর্ধিত ফি প্রত্যাহারের দাবি জানিয়ে বিক্ষোভ ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোটের রাবি শাখার নেতা- কর্মীরা।
শনিবার দুপুর ১২টায় ছাত্র ইউনিয়নের দলীয় টেন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে টুকিটাকি চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বিপ্লবী ছাত্রমৈত্রী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি প্রদীপ মার্ডি বলেন, হল ডাইনিংয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে পরিমাণ ভর্তুকি দেওয়ার কথা তা উঠিয়ে নেওয়া হয়েছে। উপরন্তু শিক্ষার্থীদের মতামত না নিয়ে পূর্ব ঘোষণা ছাড়াই হলের ডাইনিংয়ে মিল চার্জ বৃদ্ধি করেছে প্রশাসন। খাবারের দাম বৃদ্ধি করার কথা বললেও খাবারের মান বাড়েনি।
রাবি ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সুমন মোড়ল বলেন, বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী পরিবহন সংখ্যা যেখানে এমনিতেই কম। সেখানে বাসের ট্রিপ কমিয়ে আরো বেশি ভোগান্তির সৃষ্টি করা হচ্ছে। এতে করে শিক্ষার্থীদের কী পরিমাণ ভোগান্তি হতে পারে তা তারা ভাবেননি। বিশ^বিদ্যালয় প্রশাসন একের পর এক অযৌক্তিক সিদ্ধান্ত শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দিচ্ছে। প্রশাসনের এমন অযৌক্তিক সিদ্ধান্ত শিক্ষার্থীরা কোনোভাবেই মেনে নেবে না। এরকম হঠকারী শিক্ষার্থী বিরোধী সিদ্ধান্ত থেকে প্রশাসনকে সরে আসতে আহ্বান জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন বিপ্লবী ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায়, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান আসিফ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি লিটন দাস, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মিনহাজুল আবেদীন প্রমুখ।
প্রসঙ্গত, বিশ^বিদ্যালয়ের পুনঃনির্ধারিত সময়সূচি অনুযায়ী শিক্ষার্থীদের জন্য দিনে পাঁচ ট্রিপে বাস চলাচল করবে। যা কার্যকর হবে আগামীকাল রোববার থেকে। পূর্বের সময়সূচিতে দিনে আট ট্রিপে বাস চলাচল করতো। অন্যদিকে দুপুরে ২০ টাকা ও রাতে ১৬ টাকা থেকে মূল্য বৃদ্ধি করে ডাইনিংয়ে বর্ধিত মূল্য করা হয়েছে যথাক্রমে ২৪ টাকা ও ১৮ টাকা।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৫–জুলাই–২০১৭ইং/নোমান